মাদক বহন ও বিক্রিতে শিশুদের ব্যবহার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওরানবাজার ওভারব্রিজের নিচে ১০ বছরের বেলাল (ছদ্মনাম) খালি সিগারেটে তামাক ঢোকাচ্ছে। কী করো, জানতে চাইলে নিপুণ হাতে গাঁজা বানাতে বানাতে বলে, ‘খাই না। বেচি।’ সূত্রাপুরের অলি-গলিতে সন্ধ্যার পর গেলেই ‘জবাফুল’ (ইয়াবার ছদ্মনাম) কিনবেন কি না, প্রশ্ন নিয়ে বাচ্চারা সামনে এসে দাঁড়াবে। গোলাপবাগ রাজারবাগ এলাকায় অনেক শিশুকে দেখা যাবে এদিক-সেদিক ঘুরে বেড়াতে। যেন কারও কোনো কাজ নেই। কিন্তু এটাই তাদের কাজ। এরা সবাই ভ্রাম্যমাণ মাদক-বিক্রেতা। সারা দিনে একেকজন ৪০০ থেকে ৫০০ টাকার মাদক বিক্রি করে। নিজেরা পায় ৬০ থেকে ৭০ টাকা। রাজধানীতে মাদক বহনের কাজে শিশুদের ব্যবহার এভাবেই বেড়ে চলেছে। বেশ কয়েকটি এলাকা ঘুরে এর সত্যতা মেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী মোহাম্মদপুর, আদাবর, পল্টন, গুলিস্তান, গোলাপবাগ, কাঁটাবন, নতুনবাজার ও বাড্ডায় মাদক বিক্রির হার তুলনামূলকভাবে বেশি। এসব এলাকায় দেশি মদ, গাঁজা, ফেনসিডিল এমনকি ইয়াবা বিক্রেতাদের বেশির ভাগেরই বয়স নয় থেকে ১২ বছর। মাদকাসক্তদের নিয়ে কাজ করে বেসরকারি সংস্থা ‘আপন’। এ সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, মাদক বহনকারী শিশুদের অধিকাংশ নিজেরাই গ্রাহক। মোহাম্মদপুর শিয়া মসজিদের পশ্চিমের বসতিগুলোতে দিন-রাত নেই, হরদম বিক্রি হচ্ছে দেশি মদ। সরেজমিন গিয়ে গ্রাহক কারা, জানতে চাইলে এক ব্যবসায়ী বলেন, ‘বড়-ছোট, ধনী-গরিব সবাই আমার কাস্টমার।’ পুলিশ বা প্রশাসনের অন্য কেউ ঝামেলা করে কি না, জানতে চাইলে নাম-ঠিকানা প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘১০ বছর লাইনে আছি। সবাই আমগো টাকা খায়।’ নিজে বিক্রেতা কিন্তু কোনোদিন মাদক নেননি, এমন এক ব্যক্তি প্রতিদিন ছয়টি শিশুকে মাদক নিয়ে বিক্রি করতে পাঠানোর কথা জানান। কয়েক দিন পরপর এ শিশুদের বদলিয়ে নতুনদের কাজে লাগান। শিশুদের ব্যবহারের কারণ জানতে চাইলে বলেন, ‘বাচ্চা ব্যবহারের দুইটা সুবিধা। পুলিশ এদের সন্দেহ করবে না, আর এরা ব্যবসার টাকা মাইরা পালায়ও না।’এ শিশুরা সাধারণত মালিকের সরাসরি তত্ত্বাবধানে হেরোইন সেবন শুরু করে। বিদেশি একটি সংস্থার আর্থিক সহায়তায় নয়াবাজারের একটি সেবাদান কেন্দ্রে গিয়ে ১৫ শিশুর দেখা মেলে। তারা সবাই আসক্ত এবং তাদের মাদক সেবন শুরু মালিকের মাধ্যমেই। ভ্রাম্যমাণ শিশু-কিশোরদের অধিকার নিয়ে কাজ করে বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশ। শিশুদের মাদকাসক্ত হয়ে পড়ার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে সংস্থার সভাপতি ওয়াহিদা বানু বলেন, এই ভয়াবহতার হাত থেকে তাদের রক্ষা করতে প্রশাসনকেই পদক্ষেপ নিতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও অঞ্চলের উপপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবীর বলেন, আইন অনুযায়ী নয় বছরের শিশু বিচারের আওতায় না পড়া এবং ১২ বছর পর্যন্ত শিশুরা যদি না জেনে অপরাধ করে তাহলে বিচারের মুখোমুখি না করার নিয়ম ব্যবসায়ীরা জানেন বলেই হয়রানি এড়াতে শিশুদের ব্যবহার বেড়েছে।