র্যাব-১-এর কার্যালয়ে প্রতীকী মাদকদ্রব্য ধ্বংস
মাদক ব্যবসায়ীদের খুঁজে বের করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ছোটখাটো মাদক বহনকারীকে গ্রেপ্তার করে, সাজা দিয়ে সমাজ থেকে মাদকাসক্তি দূর করা যাবে না। মাদক ব্যবসায়ী ও গডফাদারদের খুঁজে বের করে শাস্তি দিতে পারলে দেশে মাদকের ব্যবহার কমবে। গতকাল শনিবার উত্তরায় র্যাব-১-এর কার্যালয়ে র্যাবের উদ্ধার করা মাদকের প্রতীকী ধ্বংস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। র্যাব-১-এর কার্যালয়ের সামনে খোলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তাঁরা সবাই মাদক ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করার কথা বলেন।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকের সংস্পর্শ থেকে দূরে রাখতে মাদক চোরাচালানের মূল হোতাদের খুঁজে বের করতে হবে। মাদকের ব্যবহার রোধে পারিবারিক অনুশাসন জোরদার করা এবং অভিভাবকদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সমাজের সব মানুষকে নিজের সন্তানদের মাদক সম্পর্কে সচেতন করে তোলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘মাদক একটি জটিল ব্যাধি। এ থেকে আমাদের সন্তানদের অবশ্যই দূরে রাখতে হবে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক অনুষ্ঠানে বলেন, বিগত জোট সরকারের শাসনামলে দেশকে মাদকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।এ প্রসঙ্গে বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, একদিকে তারা সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছে, অন্যদিকে মাদকের লাইসেন্স দিয়ে অনৈসলামিক কাজ উৎসাহিত করেছে। এই ধরনের দ্বিমুখী কাজে পটু রাজনৈতিক দুর্বৃত্তরা সমাজে সন্ত্রাস সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘বর্তমান বিশ্বে মাদক, অস্ত্র ও মানুষ পাচার সবচেয়ে লাভজনক অবৈধ ব্যবসা। কাঁচা অর্থের লোভে অনেকেই এই অবৈধ ব্যবসার দিকে ঝুঁকে পড়ছে। এই অবৈধ ব্যবসার বিনাশ ঘটাতে না পারলে আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।’চিত্রনায়ক সোহেল রানা বলেন, মাদক হলো জাতি ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র। যদি কোনো জাতির যুবসমাজ ধ্বংস হয়ে যায়, তাহলে সেই জাতি আর মাথা তুলে দাঁড়াতে পারে না। চিত্রনায়িকা মৌসুমী বলেন, মাদক নিয়ে পরিবারের ভেতরে তেমন আলোচনা হয় না। নিজেদের ভেতরে আলোচনা বাড়াতে হবে। এভাবেই সচেতনতা আসবে। সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্ বলেন, মাদকের ব্যাপারে সচেতনতা বাড়াতে আন্দোলন গড়ে তুলতে হবে, গণজাগরণ সৃষ্টি করতে হবে।অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা হাতুড়ি দিয়ে ফেনসিডিলের বোতল ভাঙার প্রতীকী আয়োজনে অংশ নেন।এরপর বুলডোজার দিয়ে ১৫ হাজার ভায়াগ্রা, দুই লাখ ইয়াবা, ১৮২ কেজি হেরোইন, এক হাজার ১০০ কেজি গাঁজা, ১৩ লাখ বোতল ফেনসিডিল, এক লাখ বোতল দেশি মদ, এক লাখ ২৪ হাজার ক্যান বিয়ার, ১০ কেজি কোকেন ও এক লাখ ৫৪ হাজার নানা ধরনের নেশার ইনজেকশনসহ গত দুই বছরে উদ্ধার করা সব মাদক গুঁড়িয়ে দেওয়া হয়।