মাদক মামলায় খালেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
মাদক মামলায় ঢাকা মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলার বাদীসহ তিনজন আদালতে আজ সোমবার সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন মামলার বাদী র্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট জহুরুল ইসলাম এবং করপোরাল হুমায়ুন কবির।
আগামী ২৪ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম। সাক্ষ্য গ্রহণের সময় কারাগার থেকে আসামি খালেদ মাহমুদ ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়।
মামলার বাদী র্যাব কর্মকর্তা গোলাম মোস্তফা আদালতকে বলেন, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর গুলশান এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় জানতে পারেন, গুলশানের একটি বাসায় অবৈধ মাদক ব্যবসা চলছে। তখন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করতে থাকেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম আসার পর তাঁকে সঙ্গে নিয়ে গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেন। সাক্ষীদের সামনে খালেদ মাহমুদ ভূঁইয়ার শয়নকক্ষ থেকে অস্ত্র-গুলি ও ৫৮৫টি ইয়াবা বড়ি জব্দ করেন।
অপর সাক্ষী সার্জেন্ট জহুরুল ইসলাম আদালতকে বলেন, আসামি খালেদ মাহমুদ ভূঁইয়ার শয়নকক্ষের কেবিনেট থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। লকার থেকে জব্দ করা হয় ৫৮৫টি ইয়াবা বড়ি।
মামলার নথিপত্রের তথ্য বলছে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর র্যাব অভিযান চালিয়ে খালেদ মাহমুদ ভূঁইয়াকে ইয়াবা, অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে গুলশান থানায় মাদক মামলা করা হয়। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৭ নভেম্বর খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় র্যাব।
আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী হিসেবে পরিচিত
অভিযোগপত্রে বলা হয়, আসামি খালেদ মাহমুদ ভূঁইয়া ১৯৯৬ সাল থেকে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের সঙ্গে সম্পৃক্ত হন। আর ২০১২ সালে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। দলীয় পদ পাওয়ার পর তিনি ওই এলাকায় বিশাল এক সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। একজন ভয়ংকর আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী হিসেবে তিনি এলাকার মানুষের কাছে পরিচিত।
ঢাকার মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, শাহজাহানপুর, মুগদা, কমলাপুর, রামপুরা, সবুজবাগসহ আশপাশের এলাকায় তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন। তাঁর ভয়ে সাধারণ মানুষ আতঙ্কিত ছিল। ঢাকার মতিঝিলের ইয়ংমেন্স ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবে জুয়া, ক্যাসিনো, মাদকের রমরমা ব্যবসা করে আসছিলেন আসামি খালেদ মাহমুদ ভূঁইয়া। এ ছাড়া তিনি খিলগাঁও শাহজাহানপুর চলাচলকারী গণপরিবহন থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করেন। এই মামলায় অভিযোগপত্রভুক্ত সাক্ষীর সংখ্যা ১৫ জন।
টেন্ডার নিয়ন্ত্রণ করতেন
অভিযোগপত্রে আরও বলা হয়, আসামি খালেদ মাহমুদ ভূঁইয়া ওই এলাকার সরকারি প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন, ক্রীড়া পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, যুব ভবন, কৃষি ভবন, ওয়াসার ফকিরাপুল জোনসহ আশপাশের সব প্রতিষ্ঠানে তাঁর মালিকানাধীন ভূঁইয়া অ্যান্ড ভূঁইয়া নামের প্রতিষ্ঠানের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। আসামি খালেদ মাহমুদ ভূঁইয়া ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের সভাপতির দায়িত্বে থেকে ক্যাসিনো, মাদক, জুয়ার আসর বসিয়ে প্রতিদিন হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। ইয়ংমেন্স ক্লাব থেকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।