দেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। এই ফাঁদ থেকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে সম্মিলিতভাবে। মাদকাসক্ত ব্যক্তিদের উচিত কোনো কথা লুকিয়ে না রেখে সবার সঙ্গে খোলামেলা আলোচনা করা। আর সবার উচিত পাশে থেকে তাদের সহায়তা করা।গত মঙ্গলবার ডব্লিউভিএ মিলনায়তনে ‘আসুন মাদকমুক্ত থাকি’ শিরোনামে মাদক পরামর্শ সহায়তা—১৯ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগচিকিৎসক আহমেদ হেলাল বলেন, গবেষণায় দেখা গেছে মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা নেওয়ার পরও আবার মাদকাসক্ত হতে পারে। তাই একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ হওয়ার পরই ভালো পরিবেশ দিতে হবে, যাতে করে সে পুরোনো জিনিসগুলো ভুলতে পারে।প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মনোরোগচিকিৎসক মোহিত কামাল বলেন, ‘প্রতিদিনের হিসাব সমীক্ষণে দেখা যায় যে আমাদের দেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই মরণ ফাঁদ থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাদক নিরাময়কেন্দ্রের (আপন) পরিচালক ব্রাদার রোনান্ড ড্রাহোজাল। মাদকাসক্ত পরিবারের অভিভাবক, মাদকমুক্ত তরুণসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।