মাদকবিরোধী আইনকে আরও শক্তিশালী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের অপব্যবহার রোধে করণীয় বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তারা মাদকবিরোধী আইনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁরা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে আমাদের মাদক প্রতিরোধ বিষয়ে যে আইন আছে, সেই আইনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন সেন্টারে মাদকের অপব্যবহার রোধে করণীয় বিষয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রমিসেস মেডিকেল লিমিটেড যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, সাংসদ কাজী ফিরোজ রশীদ, আইনজীবী রফিক-উল হক, নিউজ টুডে-এর সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রমিসেস মেডিকেল লিমিটেডের চেয়ারম্যান শাহেদুল ইসলাম হেলাল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ বক্তব্য রাখেন।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, শুধু আইন প্রয়োগের মধ্য দিয়ে মাদকের বিস্তার রোধ সম্ভব নয়। সামাজিক গণসচেতনতা তৈরির মধ্য দিয়ে মাদককে পরিহার করতে হবে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকাসক্ত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।’ খবর বাসসের।