মাদকবিরোধী অভিযানে নয়জনকে কারাদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, আদালত গতকাল শনিবার দুপুরে লালবাগের ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে আবদুল আজিজ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৫০টি ইনজেকশন উদ্ধার করা হয়। এই অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালত পুরান ঢাকার নয়াবাজারের মাংসপট্টিতে অভিযান চালিয়ে শাহীন, জুয়েল ও সোহেল নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ছয়টি ইনজেকশন ও কিছু সিরিঞ্জ উদ্ধার করা হয়। এই অপরাধে ওই তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর আদালত রাজধানীর ইস্টার্ন প্লাজা-সংলগ্ন এলাকার রাস্তা থেকে মফিজুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই অপরাধে মফিজুল্লাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালত রাজধানীর কারওয়ানবাজার রেললাইনসংলগ্ন বস্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে দুই কেজি ওজনের গাজা উদ্ধার করা হয়। এই অপরাধে ওই চার মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুজিবুর রহমান ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে সহায়তা করেন।