মাদকবিরোধী আন্দোলন শুরু করতে হবে ঘর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকবিরোধী আন্দোলন ঘর থেকে শুরু করতে হবে। মাদকাসক্ত হয় মূলত কৌতূহলবশত। পরিবারে সবাই যদি মাদকের বিরুদ্ধে একাত্ম ঘোষণা করি তাহলে মাদকমুক্ত থাকতে পারব।’ কথাগুলো বলেছেন বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা আক্তার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ে ‘এসো, মাদকমুক্ত জীবন গড়ি’ শীর্ষক মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে রওশন আরা আক্তার এসব কথা বলেন। প্রথম আলো ট্রাস্টের অধীন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘মাদকমুক্ত থাকার জন্য মেয়েদের ভূমিকা অনেক বেশি। মেয়েরা মাদক ছাড়ার জন্য উৎসাহ, স্নেহ-মায়া-মমতা, ভালোবাসা দিতে পারবে।’চিকিৎসক তাজুল ইসলাম বলেন, ‘মাদকমুক্ত থাকতে হলে তিনটি বিষয়ের ওপর জোর দিতে হবে। আত্মমর্যাদা বোধ শক্ত রাখা, কোনো সমস্যা হলে সমাধানের ক্ষমতা রাখা বা মানসিক চাপ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং নিজের প্রতি ভালো কিছুর জন্য ওকালতি করা।’মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মাদক নিরাময় কেন্দ্র ক্রিয়ার চিকিৎসক ও পরামর্শক সাবিহা জাহান বলেন, ‘মাদক আমাদের নিজেদের শরীর, অর্থ, মানসিক, পরিবার ও সমাজের বড় ধরনের ক্ষতি করে।’ক্রিয়ার সুমি কাজী বলেন, ‘মাদকাসক্তকে ঘৃণা না করে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করতে হবে।’ প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, মাদকমুক্ত থাকতে চাইলে আনন্দে থাকতে হবে। তিনি ছাত্রীদের মাদককে ‘না’ বলতে বলেন। এ সময় উপস্থিত তিন শতাধিক ছাত্রী হাত তুলে মাদককে ‘না’ বলে।অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ছাত্রীদের মধ্যে খাদিজা আক্তার, সানিয়া হোসেন, আরমিন, যুথি সরকার, শ্রাবণী গুহ রায়, মেহেনাজ প্রমুখ বিভিন্ন প্রশ্ন করেন। উপস্থিত চিকিৎসকেরা এসব প্রশ্নের জবাব দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলেখা জিনাত, সাবেয়া খোকিন, বন্ধুসভার আবু সাঈদ, আল মামুন, মনিরুজ্জামান, শোভন সাহা, অজয় প্রমুখ। অনুষ্ঠানের সূচনা করেন বৃষ্টি রাণী। মাদক বিষয়ে আলোচনা পর্ব পরিচালনা করেন সাইদুজ্জামান রওশন। অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।