মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত
‘মাদকের মতো দুর্যোগের বিরুদ্ধে লড়তে সৈনিক হওয়ার প্রশিক্ষণ পেলাম। ব্যতিক্রমী এ উদ্যোগের ফলে মাদকবিরোধী আন্দোলন আরও এগিয়ে নেওয়া সম্ভব। এখন থেকে মাদক প্রতিরোধ দল করে আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করব।’ প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে গতকাল বুধবার মাদকবিরোধী কর্মশালা শেষে অংশগ্রহণকারী বন্ধুসভার সদস্যরা এসব কথা বলেন। এতে ঢাকা মহানগরসহ সারা দেশের বন্ধুসভার ৬৫ জন সদস্য অংশ নেন। প্রথম আলোর কার্যালয়ের সেমিনারকক্ষে প্রথম আলো ট্রাস্ট দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় মাদকসেবীর পরিবার, সহপাঠী ও বন্ধুদের ভূমিকা এবং মদকাসক্তির বিজ্ঞানভিত্তিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেন চিকিৎসক মোহিত কামাল। মাদকদ্রব্য ও মাদকাসক্তি নিয়ে ভ্রান্ত ধারণা, সামাজিক, মানসিক সমস্যা ইত্যাদি বিষয়ে চিকিৎসক আহমেদ হেলাল এবং মাদকের বিরুদ্ধে তরুণদের নেতৃত্ব গঠনে প্রশিক্ষণ দেন চিকিৎসক আব্দুন নূর তুষার। বিকেলে কর্মশালা শেষে মাদক নিরাময়কেন্দ্র আপন-এর পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহজাল বলেন, ‘আবেগ ও কৌতূহলই বেশির ভাগ মাদকসক্তির কারণ। তাই কৌতূহলে কখনো মাদক নেওয়া যাবে না।’ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সুন্দর ভবিষ্যতের জন্য মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। কর্মশালায় অংশ নেওয়া তরুণেরা চেষ্টা করলে মাদকবিরোধী আন্দোলনকে আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।’ আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ফিচার সম্পাদক সুমনা শারমিন ও মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা চিকিৎসক খালেদা বেগম। কর্মশালার শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। পুরো কর্মশালাটির সমন্বয় করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান।