মাদকাসক্ত বন্ধু বা পারিপার্শ্বিকতা না ছাড়লে মাদক ছাড়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে মাদকে আসক্ত ব্যক্তিকে দোষারোপ না করে বন্ধুর মতো আচরণ করতে হবে। তাঁদের লুকিয়ে না রেখে পরামর্শ বা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে।গতকাল সোমবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-২৪ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।অনুষ্ঠানে মাদকাসক্ত ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন মনোরোগ বিশেষজ্ঞ তাজুল ইসলাম, মোহিত কামাল, আহমেদ হেলাল, অভ্র দাস ভৌমিক, ফারজানা রহমান, নাফিয়া ফারজানা চৌধুরী ও ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।মাদক ছেড়ে সুস্থ হওয়া কয়েকজন তরুণ অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতার কথা বলেন।অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল।