মাদকাসক্ত যুবকের কাঁচির আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
মাদকসক্ত এক যুবকের কাঁচির আঘাতে আনোয়ার হোসেন (৩২) নামের এক রং ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার পুরান ঢাকার লালবাগের আবদুল আজিজ লেনে এ হত্যাকাণ্ড ঘটে। এ ছাড়া গতকাল রোববার রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন লালবাগের ৫৪, ডুরি আঙ্গুল লেনে থাকতেন। পুরান ঢাকার মৌলভীবাজারে মুন পেইন্ট অ্যান্ড কেমিক্যাল নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। শনিবার দুপুরে তিনি আবদুল আজিজ লেনে একটি সেলুনে সেভ হচ্ছিলেন। এ সময় স্থানীয় মাদকাসক্ত যুবক ইমু কাঁচি হাতে ওই সেলুনে ঢোকেন। মাদকাসক্ত যুবকটি আনোয়ারের পেটে কাঁচি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান। আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি রাত সাড়ে ১২টার দিকে মারা যান। আনোয়ারের বাবার নাম ওসমান গনি।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, পুলিশ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ইমুকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত ইমুকে গ্রেপ্তারের চেষ্টা করছে।সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত: গতকাল সকাল পৌনে সাতটার দিকে সিটি কলেজের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় প্রবীর চন্দ্র দাস (২৭) নামের এক যুবক মারা গেছেন। তিনি মিরপুরে রোডের পাশে ল্যাবএইড নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।পারিবারিক সূত্র জানায়, লালবাগের ২৭০, লালবাগ রোডের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর বাবা পরিমল চন্দ্র দাস।এর আগে শনিবার সন্ধ্যায় পুরান ঢাকার শহীদনগর বাজারের সামনে পিকআপ গাড়ির ধাক্কায় সেকেন্দার আলী (৬৫) নামের এক বৃদ্ধ মারা যান। তিনি কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে থাকতেন।একই দিন সন্ধ্যায় দ্রুতগতির একটি বাস পোস্তগোলা এলাকায় লিটন (২২) নামের এক যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত পৌনে একটায় তিনি মারা যান।ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা হয়েছে।