মাদকাসক্ত যুবকের কাণ্ড...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের টাকা না দেওয়ায় গতকাল শনিবার পূর্ব জুরাইনে মাকে ছাদ থেকে ফেলে দিয়েছে এক মাদকাসক্ত যুবক। গুরুতর আহত মা রহিমা বেগমকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে জনতা মাদকাসক্ত ছেলে রুমন হোসেনকে (২২) পুলিশে সোপর্দ করেছে। রুমনের বাবা আশরাফ মুন্সি সাংবাদিকদের বলেন, তিনি পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে কদমতলীর পূর্ব জুরাইনের একটি একতলার বাসায় থাকেন। পাঁচ সন্তানের মধ্যে রুমন দ্বিতীয়। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। গতকাল সকালের দিকে সে তাঁর (আশরাফ) কাছে ৫০০ টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে রুমন রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। বেলা দুইটার দিকে সে বাসায় ফিরে তার মা রহিমার কাছে টাকা চায়। তার মা অস্বীকৃতি জানিয়ে পারিবারিক কাজ করতে ছাদে যান। এ সময় তাঁর পিছ পিছ ছাদে যায় রুমন। একপর্যায়ে মাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়। রহিমার চিৎকার শুনে তিনিসহ প্রতিবেশীরা ছুটে গিয়ে রুমনকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে রুমনকে আটক করে থানায় নিয়ে যায়। অপরদিকে রহিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, রহিমার নাক থেঁতলে ও বুকের পাজড় ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। রুমনকে থানাহাজতে রাখা হয়েছে। তবে গতকাল রাত আটটা পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।