মাদকাসক্তদের মধ্যে ৪০ শতাংশই কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাদকাসক্তদের মধ্যে ৪০ শতাংশের বেশি কিশোর। এদের গড় বয়স ১৩ থেকে ১৭ বছর। বন্ধুদের প্ররোচনায়, কৌতূহল থেকে, পারিবারিক অশান্তিসহ নানা কারণে এরা মাদকাসক্ত হচ্ছে। ‘মাদকাসক্তি ও শিশুদের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।গতকাল বুধবার সকালে রাজারবাগ টেলিকম অডিটরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘মাদক নির্মূলে পুলিশকে অভিভাবকের মন নিয়ে কাজ করতে হবে। সব কাজকে করণীয় বর্জনীয়র তালিকায় ফেললে চলবে না। মনে রাখতে হবে, আমরাও অভিভাবক। শিশুদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে অভিভাবকের নিষ্ঠা ও অনুভূতি নিয়ে কাজ করতে হবে।’মাদক নির্মূল করতে সরকারি কর্মকর্তাদের জবাবদিহির মধ্যে আনতে হবে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে অনেক কমিটি আছে, এগুলোর সমন্বয় দরকার। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে ফেনসিডিলের ব্যবহার কমে এসেছে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির কারণে এটি সম্ভব হয়েছে। ইয়াবার ব্যবহার নিয়ন্ত্রণে মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বলে তিনি অভিমত দেন।পুলিশের সাবেক মহাপরিদর্শক এনামুল হক বলেন, মাদকাসক্তি নির্মূলে আরও বেশি সংখ্যায় নারীদের সম্পৃক্ত করতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. সালাম মাদকাসক্তি ও শিশুদের সম্পৃক্ততার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নাজমুল আহসান চৌধুরী, পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিল। অনুষ্ঠানে মাদকাসক্ত নিরাময়কেন্দ্র আপন-এর নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল বক্তব্য দেন।