মাদকাসক্তি রাময়কেন্দ্রের ঠিকানা দেওয়ায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলন ও জাহিদ দুই বন্ধু। উভয়েই মাদকাসক্ত, বাসা হাজারীবাগের গণকটুলিতে। জাহিদ নিরাময়কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফেরেন। মিলনকে সুস্থ করতে তাঁর মা জাহিদের কাছ থেকে নিরাময়কেন্দ্রের ঠিকানা নেন। আর ঠিকানা দেওয়াতেই ক্ষিপ্ত হয়ে জাহিদকে খুন করেন মিলন।

ঘটনাটি ঘটেছিল দুই বছর আগে। তৃতীয় দফা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জাহিদকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছে। এর আগে থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ দুইবার পৃথক তদন্ত করে বলেছিল বাড়ির ছাদ থেকে পড়ে জাহিদ মারা গেছেন।

এ-সংক্রান্ত মামলার নথি বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটার দিকে গণকটুলির ভাড়া বাসার পেছনে জাহিদকে (২৫) আহত অবস্থায় পাওয়া যায়। তিন দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় হাজারীবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়। জাহিদের মরদেহ দাফনের পর পরিবারের সদস্যরা জানতে পারেন স্থানীয় মিলনসহ (৩২) কয়েকজন জাহিদকে মারধর করে ফেলে রেখে গিয়েছিলেন।

জাহিদের মামা শাহ আলম হোসেন বলেন, এ তথ্য জানার পর তাঁরা থানায় হত্যা মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে জাহিদের মা জাহেদা (৪৭) বাদী হয়ে আটজনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে হাজারীবাগ থানার পুলিশ মামলার তদন্ত করে।

তদন্ত প্রতিবেদনে হাজারীবাগ থানার পুলিশ বলে, জাহিদ অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। পঞ্চম তলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। আসামিদের কারও জাহিদের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

শাহ আলম বলেন, পুলিশের এমন তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাঁরা আদালতে নারাজি আবেদন করেন। আদালত গোয়েন্দা পুলিশকে মামলাটি তদন্তের আদেশ দেন। কিন্তু গোয়েন্দা পুলিশও আদালতে একই ধরনের প্রতিবেদন জমা দেয়। তাঁর অভিযোগ, আসামিরা এলাকায় প্রভাবশালী। টাকা দিয়ে আসামিরা পুলিশকে দিয়ে মনগড়া প্রতিবেদন জমা দেওয়াতে পেরেছে। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের প্রতিবেদনের পর আবার আদালতে নারাজি আবেদন করলে অধিকতর তদন্তের জন্য গত আগস্ট মাসে আদালত পিবিআইকে নির্দেশ দেন। পরে গত নভেম্বরে পিবিআই তদন্ত শেষ করে।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদী-বিবাদীরা একই এলাকায় বাস করেন। জাহিদ মাদকাসক্ত ছিলেন। ঘটনার আড়াই মাস আগে জাহিদকে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে তিন মাসের জন্য ভর্তি করা হয়েছিল। তিন মাসের চিকিৎসা শেষে জাহিদ স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মামলার প্রধান আসামি মিলনও মাদকাসক্ত। জাহিদের দেওয়া তথ্য অনুযায়ী মিলনের মা তাঁকে নিরাময়কেন্দ্রে ভর্তির চেষ্টা করেন। এতে মিলন জাহিদের ওপর ক্ষিপ্ত হন এবং জাহিদকে বিভিন্ন ধরনের হুমকি দেন। মামলার আরেক আসামি লালু মিয়া ও তাঁর ভাই কালু মিয়া ঘটনার এক মাস আগে জাহিদকে মারধর করেছিলেন। এ ব্যাপারে হাজারীবাগ থানায় একটি মামলাও হয়েছিল।

তদন্ত প্রতিবেদনে পিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার রাতে মিলনের ফোন পেয়ে জাহিদ বাসা থেকে বের হন। পরে মিলন ও লালু অন্ধকারে জাহিদকে মারধর করে অজ্ঞান অবস্থায় বাসার পেছনে ফেলে যান। পিবিআইয়ের তদন্তে মিলন ও লালু ছাড়া অন্য ছয় আসামির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি আদালত মিলন ও লালুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জাহিদের পরিবারের অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা পেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। জানতে চাইলে হাজারীবাগ থানার পরিদর্শক (অভিযান) মজিবুর রহমান বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু এখনো তা থানায় পৌঁছায়নি। থানায় এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।