মাদকাসক্তের অর্থের পথ বন্ধে অভিভাবককে উদ্যোগী হতে হবে
মাদক গ্রহণ করার যতগুলো পথ আছে, সব পথ বন্ধ করে দিতে হবে। মা-বাবা যেন বাধ্য হয়েও মাদক গ্রহণের জন্য সন্তানকে টাকা না দেন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, আত্মীয়স্বজনের কাছ থেকেও মাদকাসক্ত ব্যক্তি যেন কোনো রকম আর্থিক সহযোগিতা না পায়।গতকাল রোববার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-২৮ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি এবং তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, আহমেদ হেলাল, মেখলা সরকার, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-২৯ অনুষ্ঠিত হবে।