মাদ্রাসাশিক্ষা অধিদপ্তর স্থাপন করা হবে
মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার আলাদা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্থাপনের উদ্যোগ নিয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আরও উন্নত ও আধুনিক করার অংশ হিসেবে এই অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার এ কথা বলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ২৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে তিনি মতবিনিময় করেন। Êনুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষানীতি নিয়ে আমরা দেশের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধির সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেছি। একটি মহল এসব বিষয়ে কোনো যোগাযোগ বা মতামত প্রকাশ না করলেও দেশ-বিদেশে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বলা হচ্ছে, এ নীতি বাস্তবায়ন করলে নাকি ইসলাম চলে যাবে।’ মন্ত্রী বলেন, ‘আমরা কোনো দলীয় নয়, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করব। দেশ ও জাতির সুদূরপ্রসারী কল্যাণে এ নীতি কার্যকর ভূমিকা রাখবে।’প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন, মাওলানা সাব্বির আহমদ মোমতাজী প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর-রশিদ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।