মাধ্যমিকের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা দেওয়ার জন্য সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। সমিতির নেতারা বলছেন, এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলন করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। রাজধানীর ধানমন্ডির গভ. বয়েজ হাইস্কুলে গত শুক্রবার বাসমাশিসের কেন্দ্রীয় কমিটি ও আঞ্চলিক কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সমিতির সভাপতি সামসুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইনছান আলী, সাখাওয়াত হোসেন বিশ্বাস, গৌরচন্দ্র মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁরা বলেন, শিক্ষামন্ত্রী ২০১০ সালের মে মাসে শিক্ষক সম্মেলনে সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। চাকরি জাতীয়করণের দাবি: ১৯ জানুয়ারির আগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। গতকাল শনিবার সংগঠনের নেতারা এক বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেন, এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ‘জাতীয় শিক্ষক দিবস’ উপলক্ষে ১৯ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিবৃতিদাতারা হলেন: ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ প্রমুখ। তাঁরা মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবি জানান। বাংলাদেশ শিশুকল্যাণ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ সাদরুল উলা মাজু ও মহাসচিব এস এম আলীম এক বিবৃতিতে বলেন, ‘শুধু শিক্ষকদের চাকরি সরকারীকরণ নয়, আমরা গোটা প্রাথমিক শিক্ষাব্যবস্থার জাতীয়করণ চাই।’