মানব পাচার আইন জনশক্তি রপ্তানি ব্যাহত করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার আইন, ২০১১-এর (খসড়া) কোনো ধারাই দেশের জনশক্তি রপ্তানিকারকদের জন্য ক্ষতির কারণ হবে না। এই আইন জনশক্তি রপ্তানি ব্যাহত করবে না বলে অভিমত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামালউদ্দীন।গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে মানব পাচারবিষয়ক এক আলোচনা ও প্রামাণ্যচিত্রের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি এবং উইনরক ইন্টারন্যাশনাল নামের অপর একটি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, অভিবাসন একটি অধিকার। আর মানব পাচার মানবাধিকারের চরম লঙ্ঘন। সঠিক কাগজপত্র ছাড়া অভিবাসনের মাধ্যমে মানুষ পাচার হয়ে আধুনিক যুগের দাসবৃত্তির শিকার হচ্ছে। এ কারণে সরকার বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পাচার রোধে একটি যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ ফজলে রাব্বী মিয়া অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, যেসব দেশে মানুষ কাজ করতে যায়, সেখানেও এই ধরনের মানব পাচারবিরোধী অনুষ্ঠান আয়োজন করলে ভালো হয়। অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রিচার্ড গ্রিন বলেন, মানব পাচার রোধে জনসচেতনতা তৈরির জন্য মার্কিন সরকার নানা কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ সরকারকেও কার্যক্রম জোরদার করতে হবে। আর পাচারবিরোধী আইনটা পাস হলে এই ক্ষেত্রে বাংলাদেশ হবে এ অঞ্চলের নেতা।কামালউদ্দীন বলেন, খসড়া মানব পাচার আইনটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন তা সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই আইন জনশক্তি রপ্তানিকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না। একই সঙ্গে যাঁরা জনশক্তি রপ্তানির নামে প্রতারণা করবেন, তাঁরাও কোনো ছাড় পাবেন না। কামালউদ্দীন বলেন, মানব পাচার রোধে এত দিন দেশে নির্দিষ্ট কোনো আইন ছিল না। ১৬টি আইনের বিধি প্রয়োগ করে এ-সংক্রান্ত অপরাধ বন্ধের চেষ্টা করা হতো। তিনি মন্তব্য করেন, সঠিক আইনি কাঠামো না থাকলে পরবর্তী সময়ে জনশক্তি রপ্তানি কমতে পারে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুল ইসলাম বলেন, মানব পাচার আইনটিকে হতে হবে প্রতিরোধমূলক। তবে শ্রমিক গ্রহণকারী দেশগুলো উদ্যোগ না নিলে পাচার বন্ধ করা সম্ভব হবে না।বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আইনে অভিবাসন, অবৈধ অভিবাসন আর মানব পাচার—এই তিনটি ধারণার মধ্যে সুস্পষ্ট পার্থক্য করতে হবে।অনুষ্ঠানের শুরুতে সোল্ড (বিক্রি হয়ে যাওয়া) নামের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। তাতে দুই নারীর ভারতের পতিতালয়ে ও এক কিশোরের জরির কারখানায় বিক্রি হয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়। দেখানো হয়, আত্মীয়স্বজনের মাধ্যমেই এরা দালালের কাছে বিক্রি হয়ে গেছে।ইকো সারভাইভারস ভয়েস নামে আরেকটি প্রামাণ্যচিত্রে বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা পাঁচজন ও দুজন নিহত শ্রমিকের বাবা-মায়ের দুঃখগাথা প্রদর্শিত হয়। সেখানে দেখানো হয়, শ্রমিকেরা প্রতারিত হয়ে ফিরে এলেও সেই দালাল ও নিয়োগকারী (রিক্রুটিং এজেন্সি) চক্র বহাল তবিয়তেই রয়েছে। তথাকথিত মীমাংসার (আরবিট্রেশন) নামে চার-পাঁচ লাখ টাকা হারানো শ্রমিকদের হাতে ২০-৩০ হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে। অপঘাতে মৃত শ্রমিকের লাশ দেশে আসার পর ময়নাতদন্ত করা হচ্ছে না। প্রিয়জনের মৃত্যুর বিচার পাচ্ছেন না স্বজনেরা।