মানব পাচার করে টাকা হাতিয়ে নিয়েছেন অমি: সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তুহিন সিদ্দিক ওরফে অমির সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ।
ছবি: সংগৃহীত

দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে ভালো বেতনে চাকরির কথা বলে শত শত মানুষকে বিভিন্ন দেশে পাচার করে তুহিন সিদ্দিক ওরফে অমি (৩৩) ও তাঁর সহযোগীরা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগে কয়েক দিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চিত্রনায়িকা পরীমনির মামলার আসামি তুহিন সিদ্দিক।

রাজধানীতে আজ মঙ্গলবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির ঢাকা মেট্রোর অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ ওমর ফারুক। তিনি বলেন, গত শনিবার রাজধানীর দক্ষিণখান থানায় তুহিন সিদ্দিক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানব পাচার দমন প্রতিরোধ আইনে মামলা করা হয়। পরে সেখান থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।

তুহিন ও তাঁর সহযোগীদের ব্যবহৃত বিলাসবহুল কয়েকটি গাড়িও জব্দ করেছে সিআইডি।
ছবি: সংগৃহীত

সিআইডির কর্মকর্তা ওমর ফারুক আরও বলেন, তুহিন ও তাঁর সহযোগীরা শত শত লোককে বেশি বেতনে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। এই মানব পাচারকারী চক্রের সদস্যরা প্রতিশ্রুতি মতো চাকরি না দিয়ে বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন। তাঁরা সহজ-সরল লোকদের দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তুহিন ও তাঁর সহযোগীদের ব্যবহৃত বিলাসবহুল কয়েকটি গাড়িও জব্দ করেছে সিআইডি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, পাচারকারী চক্রের মূল হোতা তুহিন সিদ্দিক ওরফে অমির ৪টি বিলাসবহুল গাড়ি, ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক, সম্পত্তির দলিল, ক্রেডিট কার্ড, অলিখিত স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চেক বই, ব্যাংক কার্ড, পেনড্রাইভ ও মুঠোফোন জব্দ করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন মো. জসিম উদ্দিন (৩৬), মো. সালাউদ্দিন (৩৫), মো. মুসা (২৬), রাকিবুল ইসলাম রানা (৩৩), মো. গোলাপ হোসেন বুলবুল (৩৪), মো. জাকির হোসেন (৩৪), মো. নাজমুল (২৫), মো. আলম (৩৫) ও শাহজাহান সরকার (৪৩)।

তুহিন ও তাঁর সহযোগীদের ব্যবহৃত বিলাসবহুল কয়েকটি গাড়িও জব্দ করেছে সিআইডি।
ছবি: সংগৃহীত

তুহিন চিত্রনায়িকা পরীমনির সাভার থানায় করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি। মাদক মামলায় গ্রেপ্তার তুহিন রিমান্ডে আছেন।

ওমর ফারুক বলেন, চক্রটি যথাযথ পদ্ধতিতে বিদেশ পাঠায়নি বলে লোকজন সেখানে কাজ পাচ্ছেন না। ফলে তাঁরা অবরুদ্ধ অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. খালিদুল হক হাওলাদার, বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান।