মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক স্বদেশ গড়তে দ্রুততম সময়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার শেষ করার দাবি জানিয়েছেন রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, এই বিচার প্রক্রিয়া ব্যাহত করতে জামায়াতে ইসলামীসহ তাদের সহযোগী সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠের সামনে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। দাবির সমর্থনে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় নারী প্রগতি সংঘ, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সম্মিলিত সামাজিক আন্দোলন, নির্মাণশ্রমিক ট্রেড ইউনিয়নকেন্দ্র, জাতীয় শ্রমিক জোট, ছাত্রলীগ জাসদ, যুবমৈত্রীসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়কারী অজয় রায় বলেন, মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা নানা অজুহাতে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে।পঙ্কজ ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কার্যক্রমের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া দ্রুততর করে যুদ্ধাপরাধীমুক্ত স্বদেশ গড়ে তুলতে হবে। বিচার প্রক্রিয়া ব্যাহত করার সব অপচেষ্টা বানচালের দাবিতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ ও সক্রিয় হতে হবে। মনজুরুল আহসান খান বলেন, দেশের নানামুখী সমস্যার ভেতরে সাম্প্রদায়িকতা উসকে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। তাদের রুখতে হবে। শিরিন আকতার বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই যাতে ষড়যন্ত্রকারীরা সফল না হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার, সৈয়দ আনোয়ার হোসেন, জিয়া উদ্দিন, তারেক আলী, বিমল বিশ্বাস, আবদুর রহমান মল্লিক, আমজাদ হোসেন প্রমুখ।