মানবতাবিরোধী অপরাধে জামায়াতের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জামায়াতে ইসলামীর সহিংসতা এবং যুদ্ধাপরাধীদের বিলম্বিত বিচার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গুটি কয়েক ব্যক্তির বিচার করলে চলবে না। মানবতাবিরোধী অপরাধের মূল হোতা জামায়াতে ইসলামীর বিচার করতে হবে।রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনবল ও অর্থসংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, তা মেটানো হয়েছে। তবে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাঁরা সাক্ষ্য দেবেন, আর যাঁরা মামলার তদন্ত করছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে এখনো কিছু সংশয় রয়েছে। তিনি বলেন, দেশের বেশির ভাগ গুপ্তহত্যার ঘটনার সঙ্গে জামায়াত জড়িত। সরকারের বিরোধী শক্তি পুরোপুরি জামায়াতের দখলে। মানবতাবিরোধী অপরাধের বিচার রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রচারণা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে হবে।অর্থমন্ত্রী বলেন, বিচার শুরু করার জন্য যেসব প্রক্রিয়ার প্রয়োজন ছিল, সেগুলো করা হয়েছে। তবে হয়তো দেরি হয়েছে। বিচার-প্রক্রিয়া খুব বেশি দ্রুতায়িত করাও সম্ভব নয়। ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বিচার-প্রক্রিয়ার বিলম্বের জন্য সরকার দায়ী নয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুসারে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী বাহিনীর বিচার হবে। সে ক্ষেত্রে বিচার হবে জামায়াতে ইসলামী, আলবদর বা শান্তি কমিটির। অথচ জামায়াত এ দেশে একটি বৈধ রাজনৈতিক দল। এই বৈপরীত্য দূর করতে হবে।বিচারপতি গোলাম রাব্বানী আরও বলেন, কয়েক দিন আগে জামায়াত রাজপথে যে তাণ্ডব চালাল, তার বেশির ভাগই তরুণ। দেশে একমুখী ও গণমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তিত না হওয়ায় ধর্মান্ধ ব্যক্তির সংখ্যা বাড়ছে। এরাই জামায়াতের রাজনীতিতে যোগ দিচ্ছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে দেরি হচ্ছে না, বরং বিচার পূর্ণাঙ্গ ত্রুটিপূর্ণ অবয়বে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক মানের বিচার-প্রক্রিয়ার কথা তোলা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন—এগুলো কি আন্তর্জাতিক মান অনুসারে করা হয়েছিল? তিনি বলেন, যারা আজ যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করছে, তারাও যুদ্ধাপরাধীদের মতো সমান অপরাধী।আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে হয়নি, এটি ছিল দলীয় সিদ্ধান্ত। এই অপরাধের সঙ্গে জড়িত দল হিসেবে জামায়াতের বিচার করতে হবে। তিনি ট্রাইব্যুনালে পূর্ণকালীন আইনজীবী নিয়োগ, ট্রাইব্যুনালে গবেষণাকেন্দ্র, গ্রন্থাগার ও তথ্য সংগ্রহের ব্যবস্থা করার দাবি জানান।আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহসভাপতি শাহ জিকরুল আহমেদ, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, কথাসাহিত্যিক শ্যামলী নাসরিন চৌধুরী ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব শায়খুল হাদিস মো. মনিরুজ্জামান রাব্বানী। সভা সঞ্চালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।