মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত হবে না: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে নয়। এ জন্য তারা পুলিশের ওপর আক্রমণ করছে, যানবাহনে আগুন দিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে। তবে তারা যত আন্দোলনই করুক, এই বিচার বাধাগ্রস্ত হবে না।সচিবালয়ে গতকাল বুধবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার আইনানুযায়ী নিজস্ব গতিতে চলবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে এই বিচার হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অপরাধে অভিযুক্তদের আইনজীবীরা অনেক সময় নিয়ে সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিরা আত্মপক্ষ সমর্থন, পছন্দমাফিক আইনজীবী নিয়োগ এবং রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন। নুরেমবার্গসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত এ ধরনের বিচারে আপিলের সুযোগ ছিল না। এ কারণেই পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বিচারের তুলনায় এ দেশের বিচার স্বচ্ছ হচ্ছে।বিচারের মান নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সব মান বজায় রেখেই এই বিচার চলছে। বিচারের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আইনের শাসন যারা চায় না, তারা এই বিচারের বিরুদ্ধাচরণ করছে। কিন্তু দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতি এই বিচার চায়।