
একাত্তরের গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত, শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একই সঙ্গে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত সব দল ও বাহিনীর বিচার করে ওই সব দলের সম্পদ বাজেয়াপ্ত করাসহ মোট ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্মূল কমিটি এ দাবি জানায়। লিখিত বক্তব্যে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এসব দাবি তুলে ধরে বলেন, গণহত্যা ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা অভিনব কোনো বিষয় নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাজাপ্রাপ্ত নাৎসি নেতা ও নাৎসি দলের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের এককালীন কিংবা দীর্ঘ মেয়াদে বার্ষিক পেনশন দেওয়া হয়েছে। বহু দেশে এ ধরনের ক্ষতিপূরণের জন্য চুক্তি বা আইন আছে। এ ক্ষেত্রে জিম্বাবুয়ের ‘ওয়ার ভিকটিমস কমপেনসেশন অ্যাক্ট’-এর মতো আইন করার পরামর্শ দেন শাহরিয়ার কবির।
সংবাদ সম্মেলনে আপিল বিভাগের সদ্য সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানবতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে আইন করার পক্ষে মত দিয়ে বলেন, এ ক্ষেত্রে সাংবিধানিক বিধান শতভাগ পক্ষে। তিনি সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, সরকার যদি আইন প্রণয়ন করে...তাহলে এর বিরুদ্ধে তাঁরা (মানবতাবিরোধীরা) কোনো রিটও করতে পারবেন না। তাঁদের জন্য সেই দরজাও বন্ধ। তিনি বলেন, এ ক্ষেত্রে সাংবিধানিক অধিকার যেমন রয়েছে, তেমনি রয়েছে আন্তর্জাতিক উপমা।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হলে জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম শূন্যের কোটায় নেমে আসবে। সম্প্রতি সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করে শামসুদ্দিন চৌধুরী শেখ হাসিনাকে ‘সিংহ মানবী’ হিসেবে অবহিত করেন।
বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এটা (মানবতাবিরোধী অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত) করা উচিত। সাধারণ আইন করতে গেলে প্রশ্ন উঠবে।
মানবতাবিরোধী অপরাধীদের রাষ্ট্রপতির ক্ষমা করার সুযোগের বিধানের বিরোধিতা করে এই বিধানের সংশোধনের পক্ষে মত দেন বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও তাঁদের কথা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আমেরিকান অ্যাসোসিয়েশন অব জুরিস্টসের কানাডা শাখার সাবেক সভাপতি উইলিয়াম স্লোয়ান, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।