মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এর ফলে বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে। মানবতার খাতিরেই তাদের আশ্রয় দেওয়া উচিত। তাদের শরণার্থী হিসেবে আশ্রয় না দিলে অবৈধ তৎপরতাই কেবল বৃদ্ধি পাবে।
রাজধানীতে অনুষ্ঠিত ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত দিয়েছেন। তাঁদের মতে, রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, শরণার্থী হিসেবে আশ্রয় না দিলে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করবে। ফলে তাদের শনাক্ত করা ও ফেরত পাঠানো আরও কঠিন হবে। লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আর তার শিকার হচ্ছে বাংলাদেশ। কিন্তু তারাও মানুষ। আমরা তাদের সাগরে মরতে দিতে পারি না।’ তিনি বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানবিক দায়িত্ব রোহিঙ্গাদের রক্ষায় ব্যবস্থা নিতে মিয়ানমারকে চাপ প্রদান করা। বাংলাদেশ এই দায়িত্ব পালন না করলে একাত্তরের শরণার্থীদের প্রতি অবমাননা করা হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা, অধ্যাপক স্বপন আদনান, অধ্যাপক তানজিমউদ্দিন খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ।