মানবপাচার আইন সংশোধনের দাবি করেছে বায়রা
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১১-এর একটি ধারা সংশোধনের দাবি করেছে। বায়রা বলেছে, আইনটির ৩-এর (২) ধারায় অভিবাসন ও পাচারকে এক করে ফেলা হয়েছে। এর সংশোধন করা প্রয়োজন।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এ দাবি করে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১১-এর খসড়া অনুমোদন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়রার সভাপতি আবুল বাশার মানবপাচার আইনকে স্বাগত জানান। এরপর আইনটির ৩-এর (২) ধারা উল্লেখ করে বলেন, সেখানে বলা হয়েছে, বৈধ বা অবৈধ যেভাবেই বিদেশে মানুষ পাঠানো হোক না কেন, বিদেশে গিয়ে কোনো ব্যক্তি যদি শোষণমূলক পরিস্থিতিতে পড়েন, তাহলে তা পাচার বলে গণ্য হবে। কিন্তু পাচার ও অভিবাসন কখনোই এক হতে পারে না।বায়রার সভাপতি বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতিবছর পাঁচ লাখ লোককে বিদেশে পাঠান জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ীরা। তাঁদের মধ্যে কেউ যদি কখনো সমস্যায় পড়েন, তাহলে তাঁকে কখনোই পাচার বলা যাবে না। তাই আমরা ওই ধারার সংশোধন দাবি করছি।’বায়রা কি তাহলে বিদেশে পাঠানো লোকজনের দায়িত্ব নেবে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বায়রার সভাপতি বলেন, ‘আমরা কখনোই চাই না, আমাদের পাঠানো কোনো লোক বিপদে পড়ুক। তার পরও কেউ বিপদে পড়ে গেলে সেই দায়িত্ব তো আমরা সব সময়ই নিই।’সংগঠনের মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ১৯৮২ সালের বহির্গমন অধ্যাদেশ আইনের আওতায় বায়রা পরিচালিত হচ্ছে। কিন্তু এই আইন মানবপাচার আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাই তাঁরা ১৯৮২ সালের আইনের আওতায় বৈধভাবে বিদেশে কর্মী পাঠানোর সুযোগ চান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, আইনটির খসড়া তৈরির সময়ই প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছিল। এখন গণমাধ্যমকে জানানো হলো। এরপর প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও বিষয়টি জানানো হবে। তার পরও আইনের সংশোধন না হলে হয়তো জনশক্তি রপ্তানির ব্যবসাই বন্ধ করে দিতে হবে।