বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাত্তরের যুদ্ধাপরাধী নিজামী, সাঈদী, মুজাহিদ ও সাকা চৌধুরীর মুক্তির দাবি করায় বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট প্রতিবাদস্বরূপ এক মানববন্ধন পালন করেছে। মানববন্ধন শেষে খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহসভাপতি মুফতি জোবাইদ আলী, সাধারণ সম্পাদক মহিবউল্লাহ মোজাদ্দেদী প্রমুখ।দিলীপ বড়ুয়া বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধকারীদের মুক্তি দাবি করে খালেদা জিয়া যে গর্হিত অপরাধ করেছেন, তা ক্ষমার অযোগ্য। তিনি খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।সরকারের কাছে দাবি জানিয়ে সভাপতির বক্তব্যে জিয়াউল হাসান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করা হোক। একাত্তরের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে থাকা অবস্থায় নিজামী, মুজাহিদ, সাকা চৌধুরীসহ কারা কারা পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন ও নিপীড়নের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন, তা খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করলেই বের হয়ে আসবে। বিজ্ঞপ্তি।