‘মানবসম্পদ: সীমানা ছাড়িয়ে’ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হলো দ্বিতীয় আন্তর্জাতিক মানবসম্পদ (এইচআর) সম্মেলন। এ সম্মেলনে মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে দেশে মানবসম্পদ মন্ত্রণালয় করার প্রস্তাব করা হয়।বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ সম্মেলন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ফেডারেশন অব পিপল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার হেন। তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে আরও প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের এআইটি এক্সটেনশনের নির্বাহী পরিচালক জোনাথন শ, এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের সভাপতি আরনেস্টো জি এসপিনোসা, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের সভাপতি মোশারফ হোসেন, মো. বাহাউদ্দিন মিয়া প্রমুখ।সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, অ্যামচামের সভাপতি আফতাব-উল ইসলাম, ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রধানেরাও এতে বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা মানবসম্পদ ব্যবস্থাপনা চর্চার ওপর জোর দিয়ে বলেন, পার্শ্ববর্তী দেশে স্বতন্ত্র মানবসম্পদ মন্ত্রণালয় আছে। সেখানে সাধারণ জনগণকে সম্পদে রূপান্তর করার জন্য বিভিন্ন গবেষণা, প্রশিক্ষণসহ সময়োপযোগী কর্মসূচি হাতে নেওয়া হয়। তাই কর্মপরিধি বৃদ্ধি করে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে মানবসম্পদ মন্ত্রণালয় করা প্রয়োজন। এ ছাড়া অনুষ্ঠানে দক্ষ মানবসম্পদ গড়ার ওপর জোর দেন বক্তারা। সম্মেলনে আজীবন সম্মাননা দেওয়া হয় মানবসম্পদ পরামর্শক মেহবুব রহমানকে।