মানবাধিকার কমিশন নিজ ক্ষমতাও প্রয়োগ করে না

এ বছর দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও।’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংগঠন সিসিবি ফাউন্ডেশন ২০১৩ সালে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনা তুলে ধরে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়। নির্যাতনের বিষয়ে মামলা গ্রহণ না করায় পুলিশের ‘মারাত্মক মানবাধিকার লঙ্ঘন’ খুঁজে পায় কমিশন। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার চিঠি দিয়ে তদন্ত করতে বলে। এই চিঠি-চালাচালিতে ছয় বছর পার হয়। ২০১৮ সালে কমিশনের বিরুদ্ধে সিসিবি রিট দায়ের করে। ২০১৯ সালে হাইকোর্ট রায়ে মন্তব্য করেন, মানবাধিকার কমিশন তাদের অর্পিত দায়িত্ব পালনে মারাত্মক গাফিলতির পরিচয় দিচ্ছে। কমিশন মানবাধিকার রক্ষায় ‘জেগে জেগে ঘুমাচ্ছে’।

এই অবস্থায় আজ ১০ ডিসেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’।

সিসিবির চেয়ারম্যান, আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, নির্যাতিত খাদিজাকে কমিশন হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের সুপারিশ করে দায় সেরেছে। কিন্তু সুপারিশ বাস্তবায়নে কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এটি হাইকোর্টের নির্দেশনাকে অমান্য করার শামিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের বেঁধে দেওয়া সময়ে ক্ষতিপূরণ না দিলে কমিশনকে হাইকোর্টে রিট মামলা দায়েরের নির্দেশনাও দেয়। তিন বছর পেরিয়ে গেলেও কমিশন মামলা করেনি।

জাতীয় মানবাধিকার কমিশনের ১১ বছরের যাত্রায় খাদিজার ঘটনায় প্রথমবারের মতো কোনো ভুক্তভোগীর ক্ষতিপূরণের সুপারিশ করা হয়। তা-ও বাস্তবায়িত হয়নি। যদিও কমিশন গড়ে ওঠার মূল উদ্দেশ্য ছিল ‘মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও মানবাধিকার নিশ্চিত করা’।

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মানবাধিকার কমিশন একটি আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মানুষ এখন মনে করে। সময়ের অগ্রগতিতে একটি প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার কথা। বাস্তবে কমিশনের গতি কমে গেছে। আবার আইনে তার যতটুকু ক্ষমতা আছে, সেটুকুও ব্যবহার করার কোনো দৃশ্যমান তৎপরতাও তাদের মধ্যে লক্ষ করা যায় না।

এই অবস্থায় আজ ১০ ডিসেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’।

জাতীয় মানবাধিকার কমিশন সূত্র দাবি করেছে, খাদিজাসহ এযাবৎ মোট চারটি ঘটনায় ক্ষতিপূরণের সুপারিশ করেছে তারা।

সাধারণ এনজিওগুলো যেসব বিষয় নিয়ে কাজ করে, কমিশন এর বাইরে কিছু করে না। নিজের বিদ্যমান শক্তিও কাজে লাগায় না।
নূর খান, মানবাধিকারকর্মী

কমিশনের প্রধান কাজ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণ ও তদন্ত। সে কাজ তারা করেও বটে। কিন্তু আজ ১১ বছর পর কমিশনের এ কাজ করতে যে বিধিমালার দরকার হয়, তা করেনি। কমিশন সূত্র জানায়, এসব অভিযোগ তদন্ত হয় সাধারণ পরিচালন পদ্ধতির (এসওপি) মাধ্যমে। তবে বিধিমালার খসড়া হয়ে গেছে। শিগগিরই তা অনুমোদিত হবে।

অভিযোগ গ্রহণ ও তদন্তের পাশাপাশি কমিশন বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা, আপস করতে পারে। বিষয়টি দেখভাল করেন কমিশনের সদস্য জেসমিন আরা বেগম। তিনি জানান, গত বছর সাতটি বিষয়ে আপসরফা হয়েছে। সবই ব্যক্তিগত বিষয়।

যে চেতনার ওপর ভিত্তি করে মানবাধিকার কমিশন দেশে দেশে গড়ে ওঠে সেটি হলো, ব্যক্তিকে রাষ্ট্রের মাধ্যমে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে সুরক্ষা দেওয়া। সেখানে এভাবে ব্যক্তিগত বিষয়-আশয় নিয়ে আপস কমিশনের মূল চেতনার সঙ্গে একেবারেই বেমানান বলে মনে করেন মানবাধিকারকর্মী নূর খান। তিনি বলেন, সাধারণ এনজিওগুলো যেসব বিষয় নিয়ে কাজ করে, কমিশন এর বাইরে কিছু করে না। নিজের বিদ্যমান শক্তিও কাজে লাগায় না।

নিজ সক্ষমতা কাজে না লাগানোর আরও উদাহরণ আছে। কমিশনের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, তাদের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের বিভিন্ন দপ্তর কর্ণপাত করে না। কমিশন আইনের ১৪-এর ৬ ধারায় বলা আছে, এভাবে যদি কোনো কর্তৃপক্ষ কমিশনের কথা গা না করে, তবে এই অভিযোগ কমিশন রাষ্ট্রপতিকে জানাতে পারবে প্রতিবেদনের মাধ্যমে। আর রাষ্ট্রপতি সেই প্রতিবেদনের কপি জাতীয় সংসদে উত্থাপনের ব্যবস্থা করবেন।

এখানে ‘করবেন’ শব্দটি খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করেন মানবাধিকার আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (কর্মসূচি) নীনা গোস্বামী। তিনি বলেন, বাংলাদেশের কোনো আইনে কোনো প্রতিষ্ঠানকে এত বড় সুযোগ দেওয়া নেই। কিন্তু এযাবৎ কমিশন এ সুযোগ নেয়নি। সংসদে বিষয়গুলো তুলে ধরার জন্য রাষ্ট্রপতিকেও বলেনি।

মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কামাল উদ্দিন আহমেদ বলেন, যতটুকু ক্ষমতা আছে, তার ব্যবহার করা হয়। তাঁর কথা, এখনকার আইনে কিছু প্রতিবন্ধকতা আছে। নতুন বিধিমালা তৈরি ও বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তা যদি ঠিকমতো হয়, তবে শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্র সৃষ্টি হবে।