মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সচিবকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার কমিশন

নির্যাতনের ঘটনায় গৃহকর্মী খাদিজাকে ৫০ হাজার টাকা ‘সাময়িক সাহায্য মঞ্জুরে’ জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সংস্থাটির চেয়ারম্যান ও সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে।
খাদিজার পক্ষে চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি) থেকে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল হালিম ওই নোটিশ পাঠান।

এর শেষাংশে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুপারিশ বাস্তবায়নের হালনাগাদ তথ্য জানতে কমিশনকে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে রিট করতে অনুরোধ করা যাচ্ছে। এতে ব্যর্থ হলে গুরুতর অবহেলার জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আদালত অবমাননা বা অন্য আবেদন করা হবে।

রাজধানীর মিরপুরে গৃহকর্মী শিশু খাদিজা ২০১৩ সালে নির্যাতনের শিকার হয়। এখন তিনি এক সন্তানের মা। নির্যাতন নিয়ে মানবাধিকার কমিশনে অভিযোগের পর যথাযথ প্রতিকার না পাওয়ার প্রেক্ষাপটে ২০১৮ সালে হাইকোর্টে রিট করে সিসিবি ফাউন্ডেশন। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালের ১১ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বলা হয়, কমিশনের নির্দেশনা সরকারি কোনো কর্মকর্তা বা সংস্থা পালন না করলে প্রয়োজনীয় আদেশের জন্য তা হাইকোর্টের নজরে আনতে পারবে কমিশন।

খাদিজার পক্ষে সিসিবি ফাউন্ডেশনের অভিযোগের ওপর শুনানি শেষে গত বছরের ১৪ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন রায় দেয়। রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খাদিজাকে ৫০ হাজার টাকা সাময়িক সাহায্য মঞ্জুরে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। রায়ে সুপারিশ বিষয়ে গৃহীত ব্যবস্থা তিন মাসের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়।

আরও পড়ুন

পরে আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘রায়ে জাতীয় মানবাধিকার কমিশন খাদিজাকে ৫০ হাজার টাকা সাময়িক সাহায্য মঞ্জুরে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ বাস্তবায়নের বিষয়ে ব্যবস্থা তিন মাসের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়। আর কমিশনের নির্দেশনা সরকারি কোনো কর্মকর্তা বা সংস্থা না মানলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বিষয়টি আদালতের নজরে আনতে মানবাধিকার কমিশন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপারিশ বাস্তবায়ন বিষয়ে কমিশন কিছু জানায়নি, এমনকি হাইকোর্টে রিট করেনি। খাদিজার মানবাধিকার সুরক্ষায় কমিশন নীরব। তাই সুপারিশ বাস্তবায়নে রিট দায়েরের জন্য কমিশনকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তা না হলে আদালত অবমাননা বা ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে।’

আরও পড়ুন