মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদ চিকিৎসকদের
সম্প্রতি চিকিৎসকদের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ করেছেন চিকিৎসকদের সংগঠন পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। গতকাল লুবনা জেনারেল হাসপাতালে অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ সভা করে।প্রতিবাদ সভায় চিকিৎসক নেতারা বলেন, নির্ধারিত কাজের সময়ের বাইরে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন—এমন চিকিৎসকও দেশে আছেন। কিছুসংখ্যাক চিকিৎসকের অনৈতিক কাজের জন্য সবাইকে দোষারোপ করা উচিত নয়। তাঁরা চিকিৎসকদের সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ঢালাও মন্তব্যের নিন্দা করেন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক কাজী সহিদুল, অধ্যাপক সোহরাব আলী, মহাসচিব রাকিবুল ইসলামসহ আরও অনেকে। মিজানুর রহমান গত ২৭ ফেব্রুয়ারি কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসকদের ভর্ৎসনা করে বলেন, তাঁরা কাজে ফাঁকি দেন, গরিবের রক্ত চুষে খান। বিজ্ঞপ্তি।