মানবাধিকার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবেই অসাম্প্রদায়িক। সে কারণেই দেশের সংবিধানের অন্যতম একটি মূলনীতি ধর্মনিরপেক্ষতা। এই অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও সব নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আইনজীবী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয় পুনর্মিলনী ও বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয় পুনর্মিলনী ও বাণী অর্চনা পরিষদ সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, দুর্গাপূজা ও বাণী অর্চনা বাঙালি হিন্দুদের দুটি প্রধান ধর্মীয় উত্সব।মোজাম্মেল হোসেন বলেন, যেকোনো ধর্মীয় উত্সবের দুটি আঙ্গিক থাকে। একটি ধর্মীয় উপাসনা বা ইবাদত এবং অন্যটি হলো উত্সব। বাংলাদেশে যেকোনো সম্প্রদায়ের ধর্মীয় উত্সবের উপাসনা বা ইবাদত ওই সম্প্রদায়ের একান্ত নিজস্ব হলেও উত্সবে ধর্ম-সম্প্রদায়নির্বিশেষে সবাই অংশ নেয়। প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান এক গভীর সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ঈদ উত্সব, শারদীয় দুর্গোত্সব, বুদ্ধপূর্ণিমা ও বড়দিন এ দেশের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে এবং প্রতিটি উত্সবই একটি সর্বজনীন রূপ পেয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সমাজে ভালো ও গণতান্ত্রিক পরিবেশ না থাকলে সুষ্ঠুভাবে ধর্ম পালন করা যায় না।মাহবুবে আলম বলেন, ‘১৯৭১ সালে আমরা যা অর্জন করেছি, তার কিছু ছবি শাহবাগ চত্বরে দেখছি। এ চেতনা আমাদের জাগরূক রাখতে হবে। যার যার ধর্ম, যার যার অভিমত তাকে পালন করতে দিতে হবে।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক স্বামী স্থিরাত্নানন্দ, অধ্যাপক নিখিল ভট্টাচার্য ও আইনজীবী দেবদাস সমদ্দার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা অংশ নেন।