মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য মানসিকতার পরিবর্তন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে প্রয়োজন সরকারের মানসিকতার পরিবর্তন ও জনসচেতনতা বৃদ্ধি। পাশাপাশি বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা পদ্ধতিও নিরপেক্ষ হতে হবে। তা না হলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জনগণের যাওয়ার কোনো জায়গা থাকবে না।গতকাল শনিবার ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে মানবাধিকার-বিষয়ক সংগঠন ‘অধিকার’। সভায় বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম গোটা জাতি এক অসহনীয় পরিস্থিতির মুখোমুখি—এ মন্তব্য করে বলেন, আন্তর্জাতিক নীতিগুলো না মানায় দেশে বারবার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার পালন করতে না পারলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। কারান্তরিন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তি দাবি করেন বিএনপি এ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সংবিধান ও উচ্চ আদালতের রায় উপেক্ষা করে মানুষের ওপর নির্যাতন করা হয়। তিনি প্রশ্ন তোলেন, ‘আদালত যদি মানবাধিকার নিশ্চিত করতে না পারে, তবে আমরা যাব কোথায়?’নির্যাতন বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বলে মত দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য মাহাবুবুল আলম। তিনি বলেন, ৫৪ ধারা বাতিল ও ‘ক্রসফায়ার’ আর হবে না দলগুলো এই প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে সে বিষয়ে উদ্যোগ নেয় না।আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, রিমান্ড চাওয়া আইনেরই অংশ। তবে রিমান্ডে নিয়ে নির্যাতন আইনের পরিপন্থী। বিনা বিচারে কাউকে হত্যার অধিকারও সংবিধানে কাউকে দেওয়া হয়নি। মূল প্রবন্ধে ‘অধিকার’-এর ফরিদা আখতার বলেন, অপরাধের স্বীকারোক্তি আদায়কালে কাউকে আঘাতের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু কখনো বিধানটির প্রয়োগ হয়নি। ‘অধিকার’-এর সেক্রেটারি আদিলুর রহমান খানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না, চিকিৎসক নেতা মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সদস্য রাজেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মাহমুদুর রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য দেন।