মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে এর লঙ্ঘন বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে রাষ্ট্র নিজেই মানবাধিকার লঙ্ঘন করে, সে রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠা হয় না। প্রত্যেক পরিবারে মানবাধিকার, মূল্যবোধ ও আইনের শাসন চালু করতে হবে। তাহলেই রাষ্ট্র তার অবস্থান থেকে সরে মানবাধিকার রক্ষায় কাজ করবে। জাতীয় প্রেসক্লাবে ‘মানবাধিকার, মূল্যবোধ ও আইনের শাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা গতকাল শনিবার এসব কথা বলেন। স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরাম এ সভার আয়োজন করে। সভায় সভাপতির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী মানুষের মানবাধিকারের জন্য সংবিধানের আদি রূপে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ লক্ষ্য অর্জনে দ্বিতীয়বারের মতো সংগ্রামের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। গণফোরামের পংকজ ভট্টাচার্য বলেন, গণতন্ত্র এখন এক পাখাওয়ালা পাখি। ওই পাখির এক পাখা অর্থাত্ সরকারি দল থাকে সংসদে। বিরোধী দল থাকে সংসদের বাইরে। সংসদ কার্যকর না হলে আইনের শাসনও হবে না বলে তিনি মন্তব্য করেন।রাজনীতিক সরদার আমজাদ হোসেন বলেন, স্বাধীনতার আগে কোটিপতি ২২ পরিবারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাঁরা। এখন দেশে ৩০ হাজার কোটিপতি। প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান বলেন, অবাধ তথ্যপ্রবাহই দুর্নীতি রোধ ও মানবাধিকার রক্ষা করতে পারে। তাই তথ্যের সব দরজা খুলে দিতে হবে। মূল প্রবন্ধে ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া মূল্যবোধ ও মানবাধিকার রক্ষা হবে না। আইনের জন্মই এ দুটি বাস্তবায়নের জন্য। আলোচনা সভা পরিচালনা করেন স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরামের সমন্বয়কারী মাহবুব নেওয়াজ চৌধুরী। আরও বক্তব্য দেন সাংসদ গোলাম মাওলা, মানবাধিকার নেতা এইচ এম নোমান, ইসমত কাদির গামা প্রমুখ।