মানবাধিকার রক্ষার জন্য বৈষম্য কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্য যত বাড়ছে, সমাজে সন্ত্রাসও তত বাড়ছে। এই সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতার পথ বেছে নিয়েছে। কিন্তু মানুষের অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত না করে সন্ত্রাস দমনের এই ব্যবস্থা কোনো দিন কার্যকর হবে না। গতকাল বুধবার রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারের একটি কর্ম-অধিবেশনে এটাই ছিল মানবাধিকারকর্মীদের বক্তব্যের মূল সুর। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মানবাধিকার পরিস্থিতির সর্বজনীন পুনর্বীক্ষণ (ইউপিআর)’ শীর্ষক দুই দিনের এই সেমিনার শেষ হয় গতকাল।জাতিসংঘ চার বছর পরপর এর সদস্যরাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি যাচাইয়ের জন্য এই মূল্যায়নের (ইউপিআর) আয়োজন করে। আগামী বছরের মে মাসে অনুষ্ঠেয় দ্বিতীয় ইউপিআরের আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আগামী ৯ অক্টোবরের মধ্যে জাতিসংঘকে একটি প্রতিবেদন দিতে হবে। এই প্রতিবেদন তৈরির প্রস্তুতির অংশ হিসেবেই মানবাধিকার কমিশন এই সেমিনারের আয়োজন করে। গতকাল সেমিনারে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের বিষয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে বক্তব্য দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লর পরিচালক শাহ্দীন মালিক প্রমুখ।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের যেসব ঘটনা ঘটছে, এর দায় থেকে রাষ্ট্র নিষ্কৃতি পেতে পারে না।’বিশিষ্ট মানবাধিকার আন্দোলনকর্মী সুলতানা কামাল বলেন, সামাজিক ও আর্থিকভাবে যারা ভালো অবস্থানে আছে, সমাজে তারাই বিচার পায়। বাংলাদেশ যেকোনো মানদণ্ডে একটি অসম সমাজে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে।আইনজ্ঞ শাহ্দীন মালিক বলেন, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সংসদে ১৫৩টি আইন পাস হয়। এর মধ্যে সামাজিক ও অর্থনৈতিক অধিকার-সংক্রান্ত আইনের সংখ্যা ছিল মাত্র ছয়টি। শাহ্দীন মালিক বলেন, দেশের দুই কোটি মানুষ এখনো ঠিকমতো খেতে পায় না। তারা তত দিন খেতে পাবে না, যত দিন সাংসদেরা দুই কোটি টাকার গাড়িতে চড়বেন। মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করতে হলে দুই কোটি টাকার গাড়ি আমদানি বন্ধ করতে হবে।ফোরাম এশিয়ার সাঈদ আহমেদ অভিযোগ করেন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন অমানবিক কর্মকাণ্ড সংবিধানসহ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ‘প্রতিবন্ধী, সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার’ শীর্ষক গতকালের আরেক অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক নিরু কুমার চাকমা। এ অধিবেশনে নেপালের কাঠমান্ডু স্কুল অব লর পরিচালক যুবরাজ সাংগ্রুলা বলেন, প্রতিবন্ধিত্বের কারণ নির্ণয় করা এবং সেগুলো নির্মূল করাটাও জরুরি।এ অধিবেশনের আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, ‘আদিবাসী’ শব্দটি নিয়ে অকারণে বিতর্ক তৈরি করা হয়েছে। মানবাধিকার কমিশনের সদস্য নীরুপা দেওয়ান বলেন, আদিবাসীরা এ দেশে আদিবাসী নামে পরিচিত হতে পছন্দ করে। তাদের এই নামে না ডাকা হলে মানবাধিকার হরণ করা হবে।নারীর ক্ষমতায়ন, বিদেশি শ্রমিক ও মানবপাচার এবং টেকসই পরিবেশ বিষয়ে আরও তিনটি অধিবেশন হয়। পরিবেশবিষয়ক অধিবেশনে বেলার নির্বাহী পরিচালক ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভূমিদস্যুতার বিরুদ্ধে সরকার অনেক কথা বললেও তাদের ঠেকাতে আইন করে না। জাহাজভাঙা শিল্প নিয়ে হাইকোর্টের রায়ের পরও শ্রমিকের মৃত্যু বন্ধ হয়নি। তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মানবাধিকার কমিশনের যে ক্ষমতা, তা তারা কাজে লাগায়নি।এ ছাড়া গতকালের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সদস্য ফওজিয়া করিম ফিরোজ, সাম্মানিক সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।