জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ফলে এক দেশের মানুষ আরেক দেশে আশ্রয় নিয়ে শরণার্থীতে পরিণত হয়। কাজেই শরণার্থী সমস্যা দূর করতে হলে মানবাধিকার লঙ্ঘনের কারণগুলো বন্ধ করতে হবে।গতকাল শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে শরণার্থী: এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মিজানুর রহমান এ কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, শরণার্থীদের কারণে দেশের অর্থনীতিতে চাপ পড়ছে, আবার শরণার্থীরা বিভিন্ন অপরাধ ঘটাচ্ছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হিসেবে পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছিল।পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে প্রায় ২৮ হাজার শরণার্থীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তবে শরণার্থীদের নিজেদের দেশে ফিরে যাওয়ার আগ্রহ থাকতে হবে। নিজ দেশে নিরাপত্তাহীনতায় ভোগায় অনেকেই দেশে ফিরতে চায় না।ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ বলেন, রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরত পাঠানো জরুরি। তারা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ছাড়া অনেকে জ্বালানি সংগ্রহ এবং ঘরবাড়ি তৈরির জন্য গাছ কেটে কাঠ সংগ্রহ করছে। ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।