মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নির্যাতিত ব্যক্তিদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে রাষ্ট্র। যথেষ্ট আইন থাকলেও কোনো সরকারের আমলেই এর বাস্তবায়ন হয় না। বরং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু আইনকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১০ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার বিকেলে সংস্থার কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এ বছর বিশ্ব মানবাধিকার দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্য বিলোপে মানবাধিকার কর্মীদের সংগ্রাম’। সেমিনারের বিষয়ও ছিল এটিই।বিষয়টির ওপর উপস্থাপিত মূল প্রবন্ধে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে বদরুল হক বলেন, বাংলাদেশে মানবাধিকারকর্মীদের ওপর নির্যাতনের প্রধান কারণ রাজনৈতিক মেরুকরণ। পুরো সমাজ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। রয়েছে সশস্ত্র সন্ত্রাসী দলের (গ্রুপ) দাপট। এই সশস্ত্র দলগুলো রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন। কখনো বা তারা মাওবাদী বলে নিজেদের পরিচয় দিলেও আসলে কোনো না কোনো রাজনীতিবিদের ছত্রচ্ছায়ায় থাকে বলে অভিযোগ আছে। তাদের সহিংসতার শিকার হন মানবাধিকারকর্মীরা।ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, বাংলাদেশে আইনের কোনো ঘাটতি নেই; কিন্তু এর বাস্তবায়ন কখনোই হয়নি।আয়োজক সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আসাফউদ্দৌলাহ বলেন, সংবিধানের সঙ্গে কিছু সাংঘর্ষিক আইন পুলিশ ও র্যাব নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। প্রতিটি রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে তখন এসব আইনের বিরুদ্ধে বলে; কিন্তু ক্ষমতায় গেলে ভুলে যায়।জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে বিরোধী দলকে সংসদে আলোচনার আহ্বান জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংস্থার মহাসচিব সিগমা হুদা। ধন্যবাদ জানান নির্বাহী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য দেন কারিতাসের উপদেষ্টা ফাদার আর ডব্লিউ টিম এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিঞা।অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয় সংস্থার খুলনা বিভাগের সমন্বয়ক মমিনুল ইসলামকে।