আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘনের চর্চা চলছে। দীর্ঘদিনের এ চর্চা থেকে বেরিয়ে আসতে কিছু সময় লাগবে। বিচারবহির্ভূত হত্যা বন্ধ না হলেও অনেক কমেছে বলে তিনি দাবি করেন। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ‘রাষ্ট্রযন্ত্রের দ্বারা মানবাধিকার লঙ্ঘন এবং জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর থেকে নানা সময় অবৈধভাবে ক্ষমতা দখলের পর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বিভিন্ন সময় পুলিশ ও বিচার বিভাগকে ফরমায়েশি কাজ করানো হয়েছে। তিনি বলেন, এখন বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগকে কুক্ষিগত করার কোনো মনোভাব বর্তমান সরকারের নেই। সরকার পুলিশকে জনগণের বন্ধু এবং প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। প্রতিমন্ত্রী জাতীয় মানবাধিকার কমিশনকে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করার আহ্বান জানান।কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রেসনার বলেন, কোনো দেশেই শতভাগ মানবাধিকার রক্ষা হয় না। উন্নত দেশগুলোতে হয়তো অবস্থা ভালো। বাংলাদেশকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি পুলিশ বিভাগে সংস্কার ও আইনের প্রয়োজনীয় পরিমার্জনের সুপারিশ করেন।সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মানবাধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রের শক্তি অসীম। তার সামনে একজন ব্যক্তি নিতান্ত অসহায়। কিন্তু রাষ্ট্রকে মনে রাখতে হবে, ব্যক্তি যখন জনগণ হয়ে যায়, তখন তারাই রাষ্ট্রের মালিক। তখন তার সামনে কোনো শক্তিই আর অসীম থাকে না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আদমশুমারিতে যাতে দেশের একজন নাগরিকও বাদ না পড়ে, সেদিকে নজর রাখতে সরকারকে অনুরোধ করেন। কর্মশালায় মানবাধিকার কমিশনের সদস্য ফৌজিয়া করিম ফিরোজ, কাজী রেজাউল হক প্রমুখ বক্তব্য দেন।