জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশের ৫০ ভাগেরও বেশি মানুষ মানবাধিকার শব্দটি শোনেননি। যাঁরা শুনেছেন, তাঁরা মানবাধিকারের মধ্যে কী কী আছে, তা জানেন না।গতকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইন বিভাগ আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, মানবাধিকার শব্দটি যাঁরা শুনেছেন, তাঁদের ৯১ শতাংশ রাষ্ট্রের কাছে শিক্ষার অধিকার চান।মিজানুর রহমান বলেন, প্রচলিত ভূমি আইন বুঝতে গ্রামাঞ্চলে যেতে হবে। সেখানে গেলেই দেখা যাবে প্রচলিত ভূমি আইন কীভাবে কৃষকদের চুষে খাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের লিখিত আইন পড়ে আইন বোঝা যাবে না। আইন বুঝতে হলে আদালতে যে আইনের চর্চা করা হয়, তা জানতে হবে। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইন বিভাগের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। এ জন্য তাদের বাস্তব শিক্ষায় শিক্ষিত হতে হবে।