দেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘তিন বছর পর কী পদ্ধতিতে কীভাবে নির্বাচন হবে, ওগুলো বন্ধ রেখে যাঁদের মানবিক মর্যাদা লঙ্ঘিত হচ্ছে, তাঁদের জন্য একটা দিন শহীদ মিনারে বসে অনশন করুন। তাহলে জনগণও আর দূরে থাকবে না।’ গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের দলিত জনগোষ্ঠী: জীবন ও সংগ্রাম’ শীর্ষক এক মতবিনিময় সভায় মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা বিধানে আইন প্রণয়নের জন্য সরকারকে প্রস্তাব দেবে মানবাধিকার কমিশন। খাদ্যনিরাপত্তা আইনে দরিদ্রদের জন্য ন্যূনতম দামে পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ থাকতে হবে। কর্মসংস্থানের নিশ্চয়তা আইনের আওতায় দেশের বেকার জনগোষ্ঠীকে বছরে কমপক্ষে ১৮০ দিন কাজ দিতে হবে। এ সময় কাজ না থাকলে তাঁদের জন্য বেকার ভাতার ব্যবস্থা রাখা দরকার। দেশের দলিত জনগোষ্ঠী বর্ণবৈষম্যের শিকার হচ্ছে—এ কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ধর্মের নামাবলি গায়ে দিয়ে কিছু মানুষ কুৎসিত চেহারা ঢেকে রেখে অধর্ম সৃষ্টি করছে। ধর্ম নয়, তাদের কাছে বড় হচ্ছে স্বার্থ। কোনো রাষ্ট্রের পক্ষেই হয়তো এর সমাধান করা সম্ভব হবে না।লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, সংবিধানে সব ধরনের বৈষম্য বিলোপ করার কথা বলা থাকলেও তা এখনো বিদ্যমান। এটি লজ্জাজনক। দলিত জনগোষ্ঠীর অগ্রসর হওয়ার জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার ওপর জোর দিতে হবে বলে তিনি মত দেন।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মেসবাহ কামাল, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ইবাদত আলী, হরিজন ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস প্রমুখ।গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি), গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে), ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো), সার্ভিস ইমার্জেন্সি ফর রুরাল পিপল (এসইআরপি) ও অ্যাসোসিয়েশন ফর রুরাল কো-অপারেশন (আরকো) যৌথভাবে এই সভার আয়োজন করে।