মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রাথমিক পর্যায় থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষার মজবুত ভিত্তি ছাড়া উচ্চশিক্ষার মান অর্জন সম্ভব নয়। মানসম্মত শিক্ষা ছাড়া বিশ্ব-চ্যালেঞ্জ মোকাবিলাও সম্ভব নয়। খবর বাসসের।গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। অনুষ্ঠানে ৫০৫ জন শিক্ষার্থী, ৩৩০ জন গ্র্যাজুয়েট ও ১৭৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে ডিগ্রি দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলের জন্য দুজন ছাত্র—মো. দেলোয়ার হোসেন ও মো. নাসির উল্লাহ চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন।অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এম মোস্তাফিজুর রহমান ও উপাচার্য গিয়াসউদ্দিন আহমেদও বক্তব্য দেন।রাষ্ট্রপতি শিক্ষাকে আর্থসামাজিক উন্নয়নের চাবিকাঠি হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ সরকার “সবার জন্য শিক্ষা” নিশ্চিতকরণ ও মানবসম্পদ উন্নয়নে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা স্তরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষাকে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের প্রধান কৌশল হিসেবে গ্রহণ করায় তা জাতীয় জীবনে নতুন মাত্রা পেয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার সুযোগ সমভাবে সম্প্রসারণ, কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও জেন্ডারবৈষম্য লোপ শিক্ষা উন্নয়ন কর্মকাণ্ডের লক্ষ্য হওয়ায় তা আমাদের গভীরভাবে প্রভাবিত করেছে।’ রাষ্ট্রপতি বলেন, দেশে উচ্চশিক্ষার বিস্তারে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের চিন্তাচেতনা, সৃজনশীলতা ও মেধা বিকাশের পাশাপাশি তাদের আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যধিক।