মানসিক রোগীদের প্রতি সহনশীল হওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিক অসুস্থতা বা সমস্যা দেখা দিলে রোগীর জীবন শেষ হয়ে যায় না। তার জীবনে অনেক সম্ভাবনা থাকে। মানসিক রোগীদের যথাযথ সেবা ও সহায়তা করলে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘সিজোফ্রেনিয়া নিয়ে বেঁচে থাকা’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বক্তারা এই মত দেন।

গতকাল সোমবার রাজধানীর ঢাকা কলেজে এ সেমিনারের যৌথভাবে আয়োজন করে কলেজটির মনোবিজ্ঞান বিভাগ এবং গাইন্ডেস ও কাউন্সেলিং সেন্টার। তিন ধাপের সেমিনারে প্রথম ধাপে ছিল মানসিক সমস্যা নিয়ে আলোচনা, পরে আত্মহত্যা প্রতিরোধ, মাদকমুক্ত জীবন, পরীক্ষাভীতি, রাগ নিয়ন্ত্রণবিষয়ক কর্মশালা এবং সর্বশেষে মুক্ত আলোচনা। গতকাল সোমবার ২৭ অক্টোবর ছিল বিশ্ব মানসিক দিবস।

ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। সেমিনারে মুক্ত আলোচনায় উপস্থিত ছাত্র ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও উৎসাহমূলক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষক মেহতাব খানম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা খাতুন বলেন, মানসিক বা সিজোফ্রেনিয়া রোগীদের সবচেয়ে বেশি অবহেলা করা হয়। সচেতনতা সৃষ্টির জন্য পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও দায়িত্ব পালন করতে হবে। তাই প্রতিটি স্কুল-কলেজে কাউন্সেলিংয়ের জন্য একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত।

সেমিনারে বক্তারা আরও বলেন, সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ। অপ্রাপ্তি, হতাশা, প্রতিবন্ধকতা, মানসিক আঘাত থেকে এই রোগ হতে পারে। তবে এই অসুস্থতা লুকিয়ে না রেখে রোগীকে সেবার পাশাপাশি সহায়তা, সহনশীল ব্যবহার ও সম্মান দেওয়া উচিত।

মেহতাব খানম বলেন, হতাশা থেকে বাঁচার জন্য কাছের মানুষের সাথে বেশি সময় কাটাতে হবে এবং সমস্যাগুলো আলোচনা করতে হবে। তা ছাড়া কাজে সন্তুষ্টি আনার জন্য হীনম্মন্যতা দূর করে আমি যা করছি তাই ভালো—এমন ভাবনা আনতে হবে এবং পারিবারিক সমস্যা সমাধানের জন্য পারিবারের সবার সঙ্গে একত্রে আলোচনা করা যেতে পারে।

অনুষ্ঠানে প্রেমঘটিত বিভিন্ন সমস্যা, সিজোফ্রেনিয়া, হতাশা, পারিবারিক সমস্যা, সিদ্ধান্তহীনতায় ভোগা, কাজে সস্তুষ্ট না হতে পারাসহ আরও অনেক সমস্যার প্রশ্ন করা হয়।