দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলছেন, মানসিক রোগের চিকিত্সাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার কাঠামোর মধ্যে আনা জরুরি। কারণ, তৃণমূলে রোগ নির্ণয় ও প্রাথমিক সেবার ব্যবস্থা করা গেলে সুচিকিত্সা সম্ভব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন।‘প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো ব্যবহার করে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে চলমান প্রকল্পের মূল্যায়ন’ শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশের ৭৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। ঢাকার কাছে সোনারগাঁ উপজেলার দুটি স্বাস্থ্যকেন্দ্রে ভুটান, পূর্ব তিমুর ও থাইল্যান্ডে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচির আওতায় মানসিক রোগের চিকিত্সা চলছে। প্রকল্পগুলোর প্রভাব মূল্যায়ন এই সম্মেলনের উদ্দেশ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক আঞ্চলিক পরামর্শক বিজয় চন্দ্র বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় স্বাস্থ্য খাতে কোন বিষয়টি প্রাধান্য পাবে, তা ঠিক করতে নীতিনির্ধারকদের হিমশিম খেতে হয়। বেশির ভাগ ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যে তাদের মনোযোগ পায় না।অনুষ্ঠানে আলোচকেরা বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের মাত্র দশমিক ৫ ভাগ মানসিক স্বাস্থ্য খাতে ব্যয় হয়, প্রতি এক লাখ মানুষের জন্য প্রশিক্ষিত জনবল আছে দশমিক ৪৯ জন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাকেন্দ্রে নিয়োগপ্রাপ্ত চিকিত্সকদের প্রায় কেউই মানসিক রোগের চিকিত্সায় প্রশিক্ষণ পাচ্ছেন না। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, প্রত্যন্ত অঞ্চলে তৈরি করা কমিউনিটি ক্লিনিকগুলোকে এ কাজে লাগানো যেতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্যসচিব মু. হুমায়ূন কবীর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক গোলাম রব্বানী, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি অরুণ ভদ্র থাপা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ। কাল শনিবার সম্মেলন শেষ হবে।