মানসিক রোগের চিকিৎসায় রোগীর মানবাধিকারকে গুরুত্ব দিতে হবে
মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর মানবাধিকার নিশ্চিত করতে হবে সবার আগে। সার্বিকভাবে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের বিভিন্ন নীতি ও কার্যক্রমের মূলধারায় এ বিষয়টি সংযোজন করা প্রয়োজন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ মন্তব্য করেন।বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষার অধিকার—মানবাধিকার’ শীর্ষক ওই বৈঠকে আইন ও সালিশ কেন্দ্র (আসক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি এবং ছাত্রনির্দেশনা পরামর্শ দান দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য মানচিত্র-২০১১-এর ওপর ‘মানসিক স্বাস্থ্য সমস্যা ও মানবাধিকার’ বিষয়ে বক্তব্য দেন আসকের শাহীন ইসলাম। তিনি বলেন, দেশে মানসিক স্বাস্থ্যসেবার যে চাহিদা, সে তুলনায় সেবার ব্যবস্থা অপ্রতুল। দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি করা দরকার। আলোচকেরা বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্যসেবা নীতিমালায় শুধু মানসিক রোগকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু সার্বিকভাবে মানসিক স্বাস্থ্য উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।