মানিক মিয়া স্বর্ণপদক পেলেন সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন
মানিক মিয়া স্বর্ণপদক ২০১০ পেয়েছেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে খান সরওয়ার মুরশিদ আনুষ্ঠানিকভাবে সিরাজুদ্দীন হোসেনের স্ত্রী নূরজাহানের গলায় স্বর্ণপদকটি পরিয়ে দেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে মইনুল হোসেন তাঁর হাতে এক লাখ টাকার চেক ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সরওয়ার মুরশিদ বলেন, ‘পাকিস্তান সৃষ্টির আখ্যান সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা স্বীকার করবেন, এই মেধাবী পুরুষ গোচরে-অগোচরে অনেক মূল্যবান বুদ্ধিবৃত্তিক কাজ করে গেছেন। তিনি হুজুগে নয়, ভেবে লিখতেন। একটি কথা লেখার আগে এক শ বার ভাবতেন। কথা কম বলতেন।’অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মইনুল হোসেন শহীদ সিরাজুদ্দীনকে একজন ‘সোনার মানুষ’ আখ্যায়িত করে বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর ইত্তেফাক-এর সম্পাদক হিসেবে আমার নাম ছাপা হলেও তিনিই ছিলেন আসল সম্পাদক।’অনুষ্ঠানের শুরুতে সিরাজুদ্দীনের সাংবাদিকতা, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ও জীবনের বিভিন্ন দিক নিয়ে তৈরি একটি তথ্যচিত্র দেখানো হয়। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাতে বাসা থেকে আলবদর বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনুষ্ঠানে সিরাজুদ্দীনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, প্রগতিবাদী সাংবাদিক, বুদ্ধিজীবীদের ভূমিকা সবই হারিয়ে গেছে; কেউ মনে রাখে না; মানিক মিয়া ফাউন্ডেশন মনে করেছে, সে জন্য ধন্যবাদ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সৈয়দ তোশাররফ আলী।অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, গোলাম সারওয়ার, রাহাত খান, সাইফুল বারী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, কর্নেল (অব.) সাজ্জাদ জহির বীর প্রতীক উপস্থিত ছিলেন।