রাজধানীর মানিকদীতে ছাত্রলীগের নেতা ফারুক হত্যার তদন্তভার গত শনিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিবির উপকমিশনার মো. মাইনুল হাসান প্রথম আলোকে এ কথা জানিয়ে গতকাল রোববার আরও বলেন, আটক যুবক গোলাপ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে।উপকমিশনার জানান, ঘটনাস্থল মানিকদী আদর্শ বিদ্যানিকেতনের দারোয়ান গোলাপ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক জিয়াউর রহমান জানান, আটক অন্য যুবক ক্যান্টিন-কর্মী শাহাদত হোসেনকে জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা বেগম বলেন, ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে উপস্থিত ওই দুজনকে ডিবি শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।এদিকে আটক জামায়াতে ইসলামের কর্মী আইনজীবী মনিরুল হককে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়ে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।গত শুক্রবার রাতে মানিকদীর আদর্শ বিদ্যানিকেতনের মাঠে সন্ত্রাসীরা ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এ বি এম ফারুককে গুলি করে হত্যা করে। পুলিশ ও পরিবারের ধারণা, দলীয় কোন্দলের জের ধরে ফারুক খুন হন।