গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। কিন্তু সংবিধান জনগণকে যেসব অধিকার দিয়েছে, তারা আজ সেসব অধিকার থেকে বঞ্চিত। গতকাল রোববার সংসদ ভবনের এলডি হল মিলনায়তনে দলের ইফতার অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। ড. কামাল বলেন, এখন রোজার মাস। তাই রাজনীতিবিদ ও নাগরিক সমাজের উচিত সুচিন্তা করা, যা আমাদের স্বাধীনতার স্বপ্ন ছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিক এবিএম মূসা, নতুন গঠিত রাজনৈতিক দল বিএনএফের প্রধান নাজমুল হুদা, এলডিপির মহাসচিব এম এ মান্নান, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান হারুন-অর- রশিদ, জেএসডির সভাপতি আ স ম রব, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগের নেতা সুলতান মোহাম্মদ মনসুর, বাসদের আহ্বায়ক খালেকুজ্জামানসহ বিদেশি কূটনীতিক এবং গণফোরামের নেতা-কর্মীরা।