বিদ্যুৎ ও গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বায়োগ্যাসসহ নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে উদ্যোগ নিতে দেশের প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গত বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (রিওসা) বার্ষিক কনভেনশনে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, ‘২০২১ সালে আমাদের স্বাধীনতার বয়স হবে অর্ধশতাব্দী। স্বাধীনতার সেই সুবর্ণজয়ন্তীতে আমরা যাতে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি, সে জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।’স্বল্প খরচে তথ্যপ্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করাই প্রকৌশলীদের ব্রত হওয়া উচিত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী, রিওসার সভাপতি শাহ খালেদ রেজা, সাধারণ সম্পাদক এম তৌফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।