মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবি
মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক ঐক্য। গতকাল সোমবার সকালে রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ জানুয়ারি কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সংবাদ পেয়ে তাঁর স্ত্রী গতকাল কারাফটকে গিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। তাঁকে আটক স্বামীর সঙ্গে দেখা করতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর আহমদ চৌধুরী। তিনি বলেন, মান্না দুটি রাষ্ট্রদ্রোহের মামলায় বর্তমানে কারাগারে। মান্নাকে গত বছরের ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে সাদা পোশাকে পুলিশ বনানী থেকে আটক করে নিয়ে যায়। ১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর তাঁকে গ্রেপ্তারের কথা স্বীকার করে ২৪ ফেব্রুয়ারি দুটি রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। রিমান্ডে নিয়ে মান্নাকে নির্যাতন করার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে রিমান্ডের অজুহাতে এ পর্যন্ত জামিনের আবেদন করা যায়নি। হাইকোর্ট রিমান্ড বাতিল ঘোষণা করলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সরকার পক্ষ আপিল করে। এখন রায়ের কপি না পাওয়ায় সবকিছু থমকে আছে।