মান্না নির্বাচন করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গতকাল সংবাদ সম্মেলন বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার l ছবি: প্রথম আলো
রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গতকাল সংবাদ সম্মেলন বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার l ছবি: প্রথম আলো

নাগরিক ঐক্যের আহ্বায়ক কারাবন্দী মাহমুদুর রহমান মান্না ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। গত শনিবার রাতে নাগরিক ঐক্যের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কারাবন্দী মান্নার স্বাক্ষর সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে প্রশাসনিক ও অন্যান্য সহযোগিতার অভাব এবং মান্নার শারীরিক সমস্যার কারণে তাঁর পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হচ্ছে না।
এদিকে মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের নিগার। গতকাল সকালে রাজধানীর গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ আবেদন জানান।
মেহের নিগার বলেন, ‘তাঁর (মান্না) বিরুদ্ধে যে অভিযোগ, তা প্রমাণ সাপেক্ষে সুষ্ঠু বিচার হোক। তবে আগে সুচিকিৎসার জন্য তাঁকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর অনুরোধ করছি। তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন হলে সেটা করার জন্য আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি।’
মেহের নিগার জানান, মান্নার হার্টে চারটি ব্লক আছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মান্নার বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে লেন্স ব্যবহার করতে হয়। তাঁর মেরুদণ্ডে ক্ষয়জনিত সমস্যা আছে, স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকে এ সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যার জন্য মান্নাকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ফিজিওথেরাপি নিতে হয়, নিয়ন্ত্রিত চলাফেরা ও সাবধানে খাদ্য গ্রহণ করতে হয়।

মান্নার রিমান্ডের আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তাঁর স্ত্রী। তিনি বলেন, মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি ১৬ মার্চ অধিকতর তদন্তের জন্য গুলশান থানা থেকে গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ওই সময় তিনি ১০ দিনের রিমান্ডে ছিলেন। তখন ডিবি বাকি সাত দিন রিমান্ড কার্যকর করার আবেদন করে এবং ১৮ মার্চ আদালতে তা অনুমোদন করা হয়। কিন্তু আসামিপক্ষের আইনজীবীদের কিছু বলা হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত মান্নার আইনজীবী বেগ মাসুম জাহান বলেন, আসামি ও তাঁর আইনজীবীর অনুপস্থিতিতে রিমান্ড কার্যকরের আবেদন মঞ্জুর করা ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার লঙ্ঘন। এ বিষয়ে তাঁরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিটি করপোরেশনের মেয়র পদে মান্নার নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে মেহের নিগার বলেন, ‘আমাদের কাছে নির্বাচন বা অন্য কিছুর চাইতে তাঁর জীবন রক্ষা করাটাই জরুরি।’

পুলিশের ভাষ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে মান্নাকে আটক করে র‍্যাব। তবে মান্নার পরিবারের দাবি, এর এক দিন আগে তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের উসকানি দেওয়া ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।