সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলা দ্রুত বিচার আদালতে হস্তান্তরের দাবি জানিয়েছে ‘সাংবাদিক ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশন’। গতকাল সোমবার এ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ফাউন্ডেশনের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।এদিকে ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান প্রথম আলোকে জানান, মামলাটির তদন্ত শেষ হয়েছে। শিগগির আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। তিনি আরও জানান, মামলায় যে দুজন গ্রেপ্তার আছেন, খুনের সঙ্গে তাঁদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের জামাকাপড়ে যে রক্ত লেগে ছিল, সে রক্ত ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রীর। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেছে।গতকালের মানববন্ধনে ‘ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ সোসাইটি’র সভাপতি শহিদুল্লাহ পাটোয়ারী, মহাসচিব কামরুদ্দিন, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাংবাদিকদের সংগঠন বিএফইউজের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।