আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সরকার মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অলটারনেটিভ ডিসপিউট রেজ্যুলেশন (এডিআর) ব্যবস্থাকে বাধ্যতামূলক করার চিন্তা করছে।গতকাল শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত ইনস্টিটিউটে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকদের জন্য ৯৪তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার মহাপরিচালক বিচারপতি মো. হামিদুল হক। এতে বক্তব্য দেন কোর্স পরিচালক আশরাফুল ইসলাম। ছয় দিনব্যাপী প্রশিক্ষণে ১৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ২০০৩ সালের ফৌজদারি কার্যবিধির বিভিন্ন সেকশনে এডিআরের উল্লেখ থাকলেও এ ব্যবস্থার প্রয়োগ বাধ্যতামূলক করা হয়নি। দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কিন্তু এডিআর ব্যবস্থার প্রয়োগ না হওয়ায় বিচারপ্রার্থী ব্যক্তিরা এ ব্যবস্থার সুফল পাচ্ছে না।আইনমন্ত্রী আরও জানান, এডিআর পদ্ধতি বাধ্যতামূলকভাবে অনুসরণের জন্য আইনের প্রয়োজনীয় সংশোধনীর বিষয়ে মতামত দিতে আইন কমিশনকে বলা হয়েছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে কমিশন মতামত দেবে। বিজ্ঞপ্তি।